হলে প্রবেশের সময় আধা ঘণ্টা বাড়ানোসহ ১১ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হলে প্রবেশের সময় আধা ঘণ্টা বাড়ানোসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাঁরা গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাবি পূরণের আশ্বাস দিলে ছাত্রীরা ফিরে যান।
বৃহস্পতিবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুহাসিনী দাস হল ও পুরোনো লেডিস হলের আড়াই শতাধিক ছাত্রী বিক্ষোভ করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। এ সময় তাঁরা হলে প্রবেশের সময়সীমা সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে সাতটা (শীতকালে) করাসহ ১১ দফা দাবি উত্থাপন করেন। তাঁদের অন্য দাবির মধ্যে রয়েছে ছাত্রীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করায় সুহাসিনী দাস হলের সহকারী প্রাধ্যক্ষ রুবাইয়াৎ নাজনীন আখন্দকে অপসারণ, ছাত্রীহলে পুরুষ শিক্ষকদের প্রবেশ নিষেধ, পানিসংকটের সমাধান।
রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম প্রশাসনিক ভবনের সামনে গিয়ে কাল রোববারের মধ্যে পর্যায়ক্রমে ছাত্রীদের দাবি পূরণের আশ্বাস দেন।
ছাত্রীদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী প্রাধ্যক্ষ রুবাইয়াৎ নাজনীন কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। সুহাসিনী দাস হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ নূর হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ‘ছাত্রীদের নিরাপত্তা ও সার্বিক ভালোর বিষয়টি মাথায় রেখেই সহকারী প্রভোস্ট তাঁদের (ছাত্রীদের) কিছুটা নিয়মের মধ্যে রাখার চেষ্টা করতেন। এতে অনেক ছাত্রী ক্ষুব্ধ হয়েছেন। এর বাইরে ছাত্রীরা যেসব অবকাঠামোগত সমস্যা সমাধানের দাবি তুলেছেন, সেগুলো অবশ্যই পূরণ করা হবে।’