হলে হলে মাদকের আসর ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সব আবাসিক হলে মাদকের আড্ডার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি মাদকের সরবরাহ বেড়ে যাওয়ায় অনেক সাধারণ শিক্ষার্থীও আসক্ত হয়ে পড়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভ্রুক্ষেপ না থাকায় মাদকাসক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকার কিছু অসাধু ব্যক্তি ও দোকানদার শিক্ষার্থীদের মাদক ও গাঁজা সরবরাহ করে থাকেন। এ গাঁজার প্রধান খরিদ্দার বিশ্ববিদ্যালয়ের আবাসিক নয়টি হলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সরবরাহকারীদের কাছ থেকে প্রতি পুরিয়া গাঁজা ২০ থেকে ৫০ টাকায় কেনেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় একদিকে যেমন মাদকাসক্ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে মাদক ব্যবসায়ীদের হাতও বেশ শক্তিশালী হচ্ছে।
কয়েকজন শিক্ষার্থী জানান, মাদকদ্রব্য হাতের কাছে পেয়ে এবং হলের মাদকাসক্ত ‘বড় ভাইদের’ সান্নিধ্যে এসে প্রথম বর্ষ থেকেই অনেকে নেশায় জড়িয়ে পড়ছেন। তাঁদের মধ্যে ইয়াবা বড়ি সেবনের প্রবণতাও বেড়ে গেছে। প্রতিটি বড়ি ৪০০-৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবী শিক্ষার্থী বলেন, ইয়াবা বড়ির উৎস বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কেওয়াটখালী এলাকা। আবাসিক হলগুলোতে কোনো উৎসব থাকলেই চলে মদের আড্ডা। নানা ব্রান্ডের এসব মদ সরবরাহ করে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় ও ব্রিজ মোড় এলাকার কিছু মাদক ব্যবসায়ী। এ ছাড়া বাংলা মদের উৎস ব্রহ্মপুত্র নদের পাড়। মাদক হিসেবে হেরোইন নেওয়ার প্রবণতাও বেড়ে গেছে।
কয়েকজন সাধারণ শিক্ষার্থী বলেন, মাদকের দাম অত্যধিক হওয়ায় বিভিন্ন অনৈতিক উপায়ে টাকা জোগাড় করছে মাদকাসক্ত শিক্ষার্থী। এ বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হবে। একই সঙ্গে ছাত্রদের শিক্ষাজীবনকে ধ্বংস করবে সর্বগ্রাসী মাদক।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. সুলতান উদ্দিন ভূঞা বলেন, ‘শিক্ষার্থীদের মাদক গ্রহণের বিষয়টি প্রথম শুনলাম। এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’