হলের উন্নয়নকাজ না করেই ১৭ লাখ টাকা উত্তোলন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের উন্নয়নকাজ শেষ না করেই ঠিকাদার প্রায় ১৭ লাখ টাকার বিল তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া যে কাজ হয়েছে, তাও অত্যন্ত নিম্নমানের বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ছাত্রদের আবাসিক ঈশা খাঁ হলের অবকাঠামো, স্যানিটারি ও বৈদ্যুতিক কাজ বাবদ ৫৭ লাখ ৭৩ হাজার টাকা বরাদ্দ হয়। ২০১২ সালের মাঝামাঝি কার্যাদেশ দেওয়া হয়। কাজ পায় ময়মনসিংহ শহরের ঠিকাদারি প্রতিষ্ঠান মিতালী কনসালটিং ফার্ম। ২০১৩ সালের ডিসেম্বরে কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে বিল দাখিল করে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে মিতালী কনসালটিং ফার্ম সব টাকা পেয়ে গেছে।
ঈশা খাঁ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘গত বছরের জুনে দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীরা জানান হলের ছাদ থেকে কক্ষে পানি পড়ে। খোঁজ নিয়ে হলের উন্নয়নকাজে বিভিন্ন অসংগতি দেখতে পাই। বরাদ্দ অনুযায়ী বেশ কিছু কাজের কোনো অস্তিত্ব নেই। অনেক কাজ অত্যন্ত নিম্নমানের। কয়েকটি কাজের মাত্র ৫ শতাংশ সম্পন্ন হয়েছে।’ তিনি জানান, এ বিষয়ে গত ৩০ মে রেজিস্ট্রার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি দিয়ে সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করার সুপারিশ করা হয়েছে।
গত সোমবার সরেজমিনে দরপত্রের তালিকা অনুযায়ী বৈদ্যুতিক ফ্লুরেসেন্ট টিউবলাইট, কাটআউট, মেইন সুইচসহ বেশ কিছু সরঞ্জামের অস্তিত্ব মেলেনি। ফ্যানের সংখ্যা বরাদ্দের তুলনায় অনেক কম। অবকাঠামো উন্নয়নে লোহার পাল্লা ও চৌকাঠের যে দরজা লাগানোর কথা ছিল, তার একটিও লাগানো হয়নি। তা ছাড়া কয়েকটি জানালার গ্রিল ও শাটার এবং হোয়াইট ওয়াশিং রং লাগানো হয়নি। হলের পূর্ব ও পশ্চিম ভবনে ৩ হাজার ২০০ বর্গমিটার দেয়ালে তিন স্তরে রং করার কথা ছিল। কিন্তু করা হয়েছে কিছু অংশে; তাও আবার এক স্তরের। ১ হাজার ৫০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন আটটি পানির ট্যাংকের পাঁচটিই লাগানো হয়নি। শাওয়ার হেড, পর্যবেক্ষণ ছিদ্র, সেপটিক ট্যাংকসহ সংশ্লিষ্ট কিছু সরঞ্জামের অস্তিত্ব স্নানাগার ও শৌচাগারে মেলেনি। সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার মালপত্র সংযোজন করা হয়নি।
মিতালী কনসালটিং ফার্মের স্বত্বাধিকারী শামসুল আলম বলেন, ‘কোন কোন কাজ করা হয়েছে কিংবা হয়নি, তা এখন মনে নেই। তবে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা সঠিকভাবে পরিকল্পনা করতে না পারায় ওই কাজে আমার লোকসান হয়েছিল।’
হলের উন্নয়নকাজের সময় প্রাধ্যক্ষ ছিলেন অধ্যাপক মো. রফিকুল আলম। তিনি বলেন, ‘বিধিমোতাবেক ও নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ সম্পন্ন করার পর ছাড়পত্র দেওয়া হয়েছিল। কোনো ধরনের অসংগতি হলে এর দায়ভার প্রকৌশলীদের নিতে হবে। কারণ, আমি ওই বিষয়ে অভিজ্ঞ ছিলাম না।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী শাহীন ইসলাম খান বলেন, ‘কাজ সুষ্ঠুভাবে হয়েছিল বলে ছাড়পত্রে স্বাক্ষর করেছিলাম। অনেক সময় প্রয়োজনের তাগিদে এক বরাদ্দ দিয়ে অন্য কাজ করতে হয়। এ রকম হয়েছিল কি না, আমাকে যাচাই করে বলতে হবে।’
উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর বলেন, ‘হলের উন্নয়নকাজে অনিয়মের বিষয়টি জেনেছি। এখনই সে সম্পর্কে কিছু বলা সম্ভব হচ্ছে না। তদন্ত কমিটি গঠন করে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’