হলের কক্ষ থেকে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের একটি কক্ষ থেকে তিনটি ককটেল, একটি রামদা, একটা হাঁসুয়া এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ। নগরের মতিহার থানা পুলিশের সদস্যরা গতকাল বৃহস্পতিবার এগুলো উদ্ধার করেন।শিক্ষার্থীরা ও পুলিশ জানিয়েছে, ৩৫২ নম্বর কক্ষটি গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।মতিহার থানা সূত্রে জানা গেছে, নতুনভাবে বরাদ্দ দেওয়ার জন্য সকালে হলের তত্ত্বাবধায়ক কে বি নুরুল আলম তালা খুলে ৩৫২ নম্বর কক্ষে ঢোকেন। তিনি কক্ষে ককটেলসহ অস্ত্রগুলো দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়াকে জানান। প্রক্টর পুলিশকে খবর দিলে তারা এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।হলের একাধিক শিক্ষার্থী জানান, কক্ষটি ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডারদের নিয়ন্ত্রণে ছিল। গত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন খুন হওয়ার পর থেকে তাঁরা আত্মগোপনে রয়েছেন।