রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের ডাইনিং ও ক্যানটিনে বিভিন্ন খাবার তৈরিতে পচা আলু ও পেঁপে ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
শিক্ষার্থী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হলের ডাইনিং পরিচালনা করে আসছেন হাসেম আলী নামের এক ব্যক্তি। ক্যানটিন পরিচালনা করেন কাসেম নামের আরেকজন। গতকাল সকালে হলের ডাইনিংয়ের দরজা লাগিয়ে রান্নায় ব্যবহারের জন্য পচা আলু কাটছিলেন কয়েকজন কর্মচারী। এক শিক্ষার্থী বিষয়টি দেখতে পেয়ে অন্যদের জানান। এরপর হলের শিক্ষার্থীরা ডাইনিংয়ের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। এর একপর্যায়ে হাসেম আলী ও কাসেম পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এরপর অন্য শিক্ষার্থীরাও সমবেত হয়ে বিক্ষোভ করেন।
ডাইনিংয়ে গিয়ে দেখা যায়, রান্নাঘরের পাশে বিশাল আলুর স্তূপ পড়ে আছে। এগুলোর সবই পচা। সেই পচা আলু থেকে কেটে ভালো অংশ রান্নার জন্য রাখা হচ্ছে। পচা আলুর দুর্গন্ধে সেখানে দাঁড়ানো যাচ্ছে না।
হলের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, ‘ডাইনিং ও ক্যানটিনে আমাদের বেশির ভাগ সময়ই অস্বাস্থ্যকর পরিবেশে বাসি ও পচা খাবার খাওয়ানো হয়। এসব ঘটনার জন্য হাসেম ও কাসেম দায়ী।’ হলের আবাসিক শিক্ষার্থী রাসেল কবির বলেন, বেশ কিছুদিন ধরে নিম্নমানের এসব খাবার খেয়ে কোনো কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। হল প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি।
এ বিষয়ে ডাইনিং ও ক্যানটিন পরিচালক হাসেম আলী ও কাসেমের মুঠোফোনে কল দেওয়া হলেও তাঁরা কেউই ধরেননি।
জানতে চাইলে সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ছুটিতে আছি। এ বিষয়ে কিছু জানি না।’ প্রাধ্যক্ষের দায়িত্বে থাকা হলের আবাসিক শিক্ষক এস এম মোখলেসুর রহমান বলেন, যাঁরা পচা ও বাসি খাবার পরিবেশন করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।