
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে ধর্মঘট পালন করেন। এ ছাড়া রায় সাহেব বাজার মোড়ের ব্যস্ত সড়ক প্রায় চার ঘণ্টা অবোধ করে রাখেন তাঁরা৷ এতে ওই এলাকা ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বুধবারও ধর্মঘট পালন করবেন তাঁরা৷
এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের বিরুদ্ধে গতকাল নাজিমউদ্দিন রোডে মানববন্ধন করেছে পুরান ঢাকা পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের জায়গা রক্ষা জাতীয় কমিটি নামের নতুন একটি সংগঠন৷
তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা এ আন্দোলনের অংশ হিসেবে গতকাল সকাল আটটার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে তাঁরা রায় সাহেব বাজার মোড় অবরোধ করেন। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতা-কর্মীরা যোগ দেন।
শিক্ষার্থীরা রাস্তার ওপর টায়ারে আগুন জ্বালান, স্লোগান দিতে থাকেন। কাছেই ইংলিশ রোডে জলকামান নিয়ে পুলিশ অবস্থান নিলেও শিক্ষার্থীদের অবরোধ অপসারণে তাদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বেলা সোয়া একটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে এর আগে চার ঘণ্টা অবরোধের কারণে জনসন রোড, ইংলিশ রোড, নবাবপুর রোড ও ধোলাইখাল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ পুরান ঢাকার ব্যস্ত এসব সড়কে পথচারী ও ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগে পড়তে হয়।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করায় বাধা দেওয়া হয়নি৷
ছাত্র ধর্মঘটে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস ও বিভাগীয় পরীক্ষা হয়নি৷ অধিকাংশ বিভাগে কোনো শিক্ষককে দেখা যায়নি৷
আন্দোলনরত শিক্ষার্থী রাইসুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিত্যক্ত কারাগারের ঐতিহ্য সংরক্ষণ করে জাতীয় চার নেতার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল নির্মাণ করতে হবে৷ এ ছাড়া কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় নতুন হল নির্মাণ করতে হবে৷ তিনি বলেন, পরবর্তী কর্মসূচি আজ ঘোষণা করা হবে।
গত রোববার উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে সব অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি সভায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়। তবে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বানও জানানো হয় ওই সভায়৷
পার্কের দাবিতে মানববন্ধন
পরিত্যক্ত কারাগারের জায়গায় পার্কের দাবিতে গতকাল দুপুর ১২টায় মানববন্ধন করেছে ‘পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের জায়গা রক্ষা জাতীয় কমিটি’ নামের একটি নতুন সংগঠন। এলাকার জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের কর্মীরা মিলে সংগঠনটি তৈরি করেছেন। গতকালই এটিকে প্রথম কর্মসূচি পালন করতে দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, পুরান ঢাকায় পর্যাপ্ত খোলা জায়গা ও মাঠ নেই৷ মহল্লার শিশু-কিশোরেরা খেলাধুলা থেকে বঞ্চিত৷ শরীরচর্চা বা হাঁটাহাঁটির কোনো স্থান নেই৷ তাই কারাগারের জায়গায় খেলার মাঠ, পার্ক, জাদুঘর ও বিনোদনের ব্যবস্থা করতে হবে৷ এই জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া যাবে না৷
সংগঠনটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আব্দাল আজিজ, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আউয়াল হোসেনসহ পুরান ঢাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে বক্তব্য দেন৷