নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। গতকাল শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সে মারা যায়।
মারা যাওয়া মোহাম্মদ আলী (১৫) বংশালের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাসা নাজিরাবাজার এলাকার আগা সাদেক রোডে। বাবার নাম আবদুল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, মোহাম্মদ আলী তার বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে বেড়াতে আসে। বৃষ্টির মধ্যে কয়েকজন পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পাশের হলের শিক্ষার্থীদের জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমজাদ আলী বলেন, সাইনবোর্ডে নিষেধাজ্ঞার কথা লেখা থাকার পরও তারা গোসল করতে নামে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এমন চলতে থাকলে দুই ঘাটেই বেড়া দিতে হবে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি এই পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। গত বছরের ১৩ মে মারা যান পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহফুজুল হায়দার। এর আগেও বেশ কয়েকজন শিক্ষার্থী এই পুকুরে ডুবে মারা গেছেন।