হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২২ আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। তাঁদের মধ্যে হল-মার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি সোনালী ব্যাংকের ১১ সাবেক কর্মকর্তাও আছেন। ১৫ দিনের মধ্যে আদালতকে কারণ দর্শাতে হবে।
গতকাল রোববার ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহাদাত হোসেন সোনালী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
২০১৪ সালের ২৫ আগস্ট সোনালী ব্যাংকের ৬৮২ কোটি ২৯ লাখ ৬৪ হাজার ২২৫ টাকা ক্ষতিপূরণ চেয়ে এ মামলা করা হয়। ব্যাংকের ঋণের বিপরীতে আসামিদের বন্ধকি সম্পত্তি না থাকায় তাঁদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি চিহ্নিত করে তা ক্রোক করার আবেদন করে সোনালী ব্যাংক।
বিবাদীদের প্রায় ৮ হাজার ২০০ শতক জমি এবং জমির ওপর স্থাপিত ভবন ও কারখানার যন্ত্রপাতি ক্রোকের আবেদন করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় আট হাজার কোটি টাকা।
বিবাদীরা হলেন আনোয়ারা স্পিনিং মিলসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, হল-মার্ক ডিজাইন ওয়্যার লিমিটেড ও হল-মার্ক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ, হল-মার্ক ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জেসমিন ইসলাম, সেঞ্চুরি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জিয়াউর রহমান ও বেগম শাহনাজ রহমান। এ ছাড়া সোনালী ব্যাংকের বিভিন্ন সাবেক কর্মকর্তার সম্পত্তিও ক্রোকের আবেদন করা হয়েছে। তাঁরা হলেন ব্যাংকটির শেরাটন হোটেল শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক সাইফুল হাসান, সাবেক কর্মকর্তা আবদুল মতিন, সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেরুন্নেসা মেরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন কবির, তাছলিমা বেগম, ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক, প্রধান কার্যালয়ের সাবেক মহাব্যবস্থাপক ননী গোপাল নাথ, সাবেক মহাব্যবস্থাপক শফিজ উদ্দিন আহমেদ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক কামরুল হোসেন খান, সাবেক মহাব্যবস্থাপক মীর মহিদুর রহমান ও সাবেক সহকারী মহাব্যবস্থাপক শেখ আলতাফ হোসেন। এ ছাড়া মেসার্স পেপার হাউস এবং এম কমার্শিয়ালের স্বত্বাধিকারী তুষার আহমেদ ও সাভারের ১০ নম্বর তেতুঁলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন সরকারের সম্পত্তিও ক্রোকের আবেদন করা হয়েছে।