হল-মার্ক চেয়ারম্যান জেসমিন নতুন মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় নন-ফান্ডেড অংশের অনুসন্ধানের প্রথম পর্যায়ে নতুন একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর ওই মামলায় সংস্থাটি গ্রেপ্তার করেছে গ্রুপটির চেয়ারম্যান জেসমিন ইসলামকে। গতকাল মঙ্গলবার বিকেলে দুদকের একটি দল রাজধানীর বংশাল থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর জেসমিন ইসলামকে রাজধানীর রমনা থানা হেফাজতে রাখা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে হাজির করা হতে পারে বলে দুদক সূত্র জানিয়েছে।
এর আগে বিকেলে জেসমিন ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন।
মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ এবং সোনালী ও জনতা ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকেও মামলায় আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৮৫ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন হল-মার্কের কর্মকর্তা মীর জাকারিয়া ও মো. জাহাঙ্গীর; সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সাইফুল হাসান, এক্সিকিউটিভ অফিসার মো. আবদুল মতিন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মেহেরুন্নেসা মেরী; জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আজমুল হক এবং এস এম আবু হেনা মোস্তফা কামাল, এজিএম আবদুল্লাহ আল মামুন, মো. ফায়েজুর রহমান ভূঁইয়া ও জেসমিন আখতার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবদুল্লাহ আল মাহমুদ, জিনিয়া জেসমীন ও মো. সাখাওয়াত হোসেন এবং মোছা. জেসমিন খাতুন।
মামলার এজাহারে বলা হয়, হল-মার্কের চেয়ারম্যান ও এমডি তাঁদের প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী মো. জাহাঙ্গীর আলমকে আনোয়ারা স্পিনিং মিলসের মালিক এবং মীর জাকারিয়াকে ম্যাক্স স্পিনিং মিলসের মালিক সাজিয়ে জনতা ব্যাংকের জনতা ভবন করপোরেট শাখায় একটি হিসাব খোলেন। প্রতিষ্ঠান দুটির মাধ্যমে ব্যাক-টু-ব্যাক এলসির কোনো পণ্য আমদানি-রপ্তানি না হওয়া সত্ত্বেও ভুয়া রেকর্ডপত্র তৈরি করেন। ওই সব রেকর্ড ব্যাংকটির ওই শাখা থেকে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখায় পাঠানো হয়। সোনালী ব্যাংক থেকে ওই সব কাগজপত্রের বিপরীতে আনোয়ারা স্পিনিং মিলস ও ম্যাক্স স্পিনিং মিলসের হিসাবে বিলের সমপরিমাণ মূল্য ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা জমা হয়, যা তুলে নিয়ে আত্মসাৎ করা হয়েছে।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোট ৩৮টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে প্রায় ৩৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৭টি মামলা করা হয়।