অগ্রণী ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে ১৫৬ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে হল-মার্ক ফ্যাশন লিমিটেডসহ ১০ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের ১১ জুলাই দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক বেনজীর আহম্মদের সই করা এ-সংক্রান্ত নোটিশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে বলে সংস্থার জনসংযোগ বিভাগ জানিয়েছে।
যেসব প্রতিষ্ঠানের এমডিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে সেগুলো হলো হল-মার্ক ফ্যাশন লিমিটেড, ইউএসএ ট্রেড ফ্যাশন লিমিটেড, ডন অ্যাপারেলস লিমিটেড, বেস্ট ট্রেড লিঙ্ক (বিটিএল), মাহিন টেক্সটাইল, পিনাকল টেক্সটাইল, নকশি নিট কম্পোজিট, প্যারাগন নিট কম্পোজিট, ইসলাম ফ্যাশন ও ফারহান ফ্যাশন লিমিটেড।
দুদক সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে ১৫৬ কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য উঠে আসে। বিটিএল, মাহিন টেক্সটাইল ও পিনাকল টেক্সটাইল ভুয়া কাগজপত্র ও বিলের বিপরীতে হল-মার্ক গ্রুপ, প্যারাগন, নকশি ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে সুতা বিক্রি করেছে বলে উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে পণ্যের উৎপাদন, লেনদেন ও সরবরাহ না হলেও সোনালী ব্যাংককে ওই টাকা পরিশোধ করতে হয়েছে। অগ্রণী ব্যাংকের প্রধান শাখার কর্মকর্তাদের যোগসাজশে ওই সব ভুয়া বিল বিক্রি করা হয়। কিন্তু ওই তিন প্রতিষ্ঠানের দেওয়া ঠিকানা অনুযায়ী সরেজমিন পরিদর্শনে গিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিদলটি দুটি প্রতিষ্ঠানেরই কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। ওই ঋণ জালিয়াতির ঘটনায় জড়িত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার তৎকালীন মহাব্যবস্থাপক (বর্তমানে ডিএমডি) মিজানুর রহমান খান, উপব্যবস্থাপক জহরলাল রায়, সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল আজিজ দেওয়ান ও এসপিও হাবিবুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল।
২২ জুন অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।