হল-মার্কের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলািপ ঋণের টাকা আদায় করতে হল-মার্ক গ্রুপের আরও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সোনালী ব্যাংক৷ গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম হল-মার্ক ফ্যাশনস লিমিটেডের বিরুদ্ধে এই মামলা করেন৷
মামলায় হল-মার্ক ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকে বিবাদী করা হয়েছে৷ অর্থঋণ আদালতের বিচারক মো. রবিউজ্জামান মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দেন৷ একই সঙ্গে সমন ফেরত-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ জুন পরবর্তী তারিখ ধার্য করা হয়৷ এ নিয়ে ঋণ কেলেঙ্কারি ঘটানো হল-মার্ক গ্রুপের ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করল সোনালী ব্যাংক৷
সোনালী ব্যাংকের পক্ষে আইনজীবী হোসনে আরা বেগম সাংবাদিকদের বলেন, গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হল-মার্ক ফ্যাশনস লিমিটেডের কাছে সুদসহ ৪৫০ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৫৫৯ টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য এ মামলা করা হয়েছে৷ এর আগে হল-মার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৮৮ কোটি পাঁচ লাখ ৬৮ হাজার ৭৮৪ টাকা আদায়ের জন্য ১৩টি মামলা করা হয়েছে৷
খেলাপি ঋণ আদায়ে এর আগে হল-মার্ক গ্রুপের প্রতিষ্ঠান হল-মার্ক এক্সেসরিজ লিমিটেড, হল-মার্ক প্যাকেজিং, হল-মার্ক িনট কম্পোজিট লিমিটেড, পারফেক্ট এমব্রয়ডারি, হল-মার্ক িনটিং অ্যান্ড ডাইং লিমিটেড, ফারহান ফ্যাশন লিমিটেড ও ডেনিম কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷