হল-মার্কের জেসমিনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিকে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদেরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রোববার কমিশনের নিয়মিত বৈঠকে এ দুটি মামলার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, নির্দিষ্ট সময়ে সম্পদের বিবরণী কমিশনে দাখিল না করার অভিযোগে জেসমিন ইসলামের বিরুদ্ধে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাজধানীর রমনা থানায় দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন একটি মামলা করেন। এজাহারে বলা হয়, জেসমিন ইসলাম জ্ঞাত আয়-বহির্ভূত স্বনামে ও বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে প্রমাণ পেয়েছে দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধান দল। এ কারণে তাঁকে বিস্তারিত সম্পদের বিবরণী ও দায়-দেনার তথ্য দুদকে জমা দেওয়ার জন্য বলা হলেও তিনি দেননি। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। এর ধারাবাহিকতায় কমিশন গতকাল অভিযোগপত্র অনুমোদন করে।
জেসমিন ইসলাম হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী। সোনালী ব্যাংকের শেরাটন হোটেল শাখা থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে হল-মার্কসহ পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৮টি মামলার অভিযোগপত্র দিয়েছে দুদক। এর অধিকাংশ মামলায়ও জেসমিন ইসলাম আসামি।
পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে করা মামলায় ওই হাসপাতালের সাবেক পরিচালক বজলে কাদেরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। অপর চারজন হলেন হাসপাতালের সাবেক উপপরিচালক মো. ফয়জুল্লাহ, প্র্যাকটিক্যাল ফার্মেসি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. মশিউর রহমান, সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও জাকিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকিয়া সুলতানা।
মামলার এজাহারভুক্ত অপর চারজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। তাঁরা হলেন: হাসপাতালের সাবেক উপপরিচালক কাজী এনামুল কবির, সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা সাঈদা আখতার ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক উপবিভাগীয় প্রকৌশলী সতীনাথ বসাক।
২০১১ সালের ১৬ নভেম্বর হাসপাতালের তৎকালীন পরিচালক বজলে কাদেরসহ নয়জনের বিরুদ্ধে এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক ফজলুল হক।