হল-মার্কের জেসমিনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কেনাকাটায় দুর্নীতির অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদেরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রোববার কমিশনের নিয়মিত বৈঠকে এ দুটি মামলার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, নির্দিষ্ট সময়ে সম্পদের বিবরণী কমিশনে দাখিল না করার অভিযোগে জেসমিন ইসলামের বিরুদ্ধে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাজধানীর রমনা থানায় দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন একটি মামলা করেন। এজাহারে বলা হয়, জেসমিন ইসলাম জ্ঞাত আয়-বহির্ভূত স্বনামে ও বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে প্রমাণ পেয়েছে দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধান দল। এ কারণে তাঁকে বিস্তারিত সম্পদের বিবরণী ও দায়-দেনার তথ্য দুদকে জমা দেওয়ার জন্য বলা হলেও তিনি দেননি। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। এর ধারাবাহিকতায় কমিশন গতকাল অভিযোগপত্র অনুমোদন করে।
জেসমিন হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী। সোনালী ব্যাংকের শেরাটন হোটেল শাখা থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে হল-মার্কসহ পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৮টি মামলার অভিযোগপত্র দিয়েছে দুদক। এর অধিকাংশ মামলায়ও জেসমিন ইসলাম আসামি।