হস্তশিল্পী ও কারিগরদের ব্যস্ততা বেড়েছে

রমজানের শুরু থেকেই ব্যস্ততা বেড়েছে জামালপুরের হস্তশিল্প পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর। ঈদুল ফিতর সামনে রেখে প্রতিনিয়ত আসছে নতুন ক্রয়াদেশ। জেলার নারী উদ্যোক্তাদের শতাধিক প্রতিষ্ঠান তৈরি করছে কারুকার্যখচিত পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, কাঁথা, থ্রি-পিস, টি-শাট, সালোয়ার-কামিজ, ওড়নাসহ নানা পোশাক।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, শহরের বকুলতলা এলাকার প্রধান সড়কসংলগ্ন দীপ্ত কুটির হস্তশিল্পের কারখানা। এ ছাড়া সদর উপজেলার পৌর শহরের নয়াপাড়া, কাচারিপাড়া, ফুলবাড়িয়া, জিগাতলা, দক্ষিণ কাচারিপাড়া, পশ্চিম কাচারিপাড়া, বনপাড়া, কলেজ রোড এলাকা, দাপুনিয়া, সরদারপাড়া, নাসিরপুর, চন্দ্রা, বজরাপুর, ডাকপাড়া, মুকন্দবাড়ী ও দেওয়ানপাড়া এলাকায় হস্তশিল্পের কারখানা ও দোকান গড়ে উঠেছে। এসব দোকানের কারিগর ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। পবিত্র রমজানের শুরুতে কেনাবেচা একটু কম থাকলেও এখন ভিড় বাড়ছে। বেচাবিক্রি ভালো থাকায় ব্যবসায়ীরাও খুশি।
জামালপুর জেলা হস্তশিল্প মালিক সমিতি সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলায় শতাধিক হস্তশিল্প পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও দোকান রয়েছে। ওই সব দোকানে পাইকারি ও খুচরা বিক্রি হয়। ঈদ উপলক্ষে ওই সব কারখানায় রোজার তিন মাস আগে থেকেই ব্যস্ত সময় পার করছেন কারিগর ও ব্যবসায়ীরা। ওই সব কারখানায় প্রায় ২০ হাজার কারিগর কাজ করেন। তাঁদের বেশির ভাগই নারী। কারিগরেরা কারখানা ও নিজের বাড়িতে থেকেও কাজ করছেন। ঈদে পাইকারি ও খুচরা মিলে দুই থেকে তিন কোটি টাকার বেশি বিক্রি হয়ে থাকে। এবার বেচাকেনা ভালো থাকায় বিক্রি চার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।
কয়েকজন ব্যবসায়ী জানান, দুই দশকের ঐতিহ্যবাহী ক্রেতানন্দিত এ হস্তশিল্প দেশের সীমানা পেরিয়ে ভারত, নেপাল, সুইডেন, শ্রীলঙ্কা, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। শহর ও গ্রামীণ নারীদের নিপুণ ও নিখুঁত হাতে তৈরি এ হস্তশিল্প এখন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করে ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পে রূপ নিয়েছে।
পৌর শহরের ডাকপাড়া এলাকার হস্তশিল্পের কারিগর পারুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘ঈদের তিন মাস আগে থেকে আমাদের ব্যস্ততা বেড়েছে। রমজানের শুরু থেকে দম ফেলার সময়ও পাওয়া যায় না। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করতে হচ্ছে। ঈদে আরও একটু আয় বাড়ানোর জন্য বাড়িতে গিয়ে রাতেও কাজ করি। সাধারণ সময় একজন কারিগর মাসে ১০ থেকে ১২ হাজার টাকা রোজগার করেন। তবে ঈদের দুই-এক মাস একটু বেশি পাওয়া যায়।’
জামালপুর জেলা হস্তশিল্প মালিক সমিতির সহসভাপতি ও দিপ্ত কুটিরের স্বত্বাধিকারী দেলুয়ারা বেগম বলেন, ঈদ সামনে রেখে পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজের চাহিদা সবচেয়ে বেশি। তাই এসব পণ্য তৈরিতে কারিগরদের ফুরসত নেই। এবার বাজার ভালো থাকায় তিন থেকে চার কোটি টাকা বিক্রির আশা করা হচ্ছে। রাজধানী ঢাকা, বগুড়া, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ক্রয়াদেশ দিচ্ছেন।