হস্তশিল্পের কারিগরদের ফুরসত নেই
ঈদ উপলক্ষে ভীষণ ব্যস্ত সময় পার করছেন জামালপুর সদর উপজেলার হস্তশিল্পের কারিগর ও ব্যবসায়ীরা। ঈদবাজারে হাতের তৈরি পণ্যসামগ্রীর ব্যাপক চাহিদা থাকায় তাঁদের দম ফেলানোর ফুরসত নেই। ঈদের আগের দিন পর্যন্ত তাঁরা ব্যস্ত থাকবেন। এতে কারিগর ও ব্যবসায়ীদের ভালো আয়রোজগার হচ্ছে।
হস্তশিল্পের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন এলাকায় হস্তশিল্পসামগ্রী তৈরির কারখানা আছে। এসব কারখানায় নকশিকাঁথা, থ্রিপিস, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, শাড়ি, লেডিস পাঞ্জাবি, ওড়না, বিছানার চাদর, শাল, চাদর, বালিশের কভার, নারীদের সাইড ব্যাগ, ওয়ালম্যাট, কুশন কভারে রং-বেরঙের নকশা করেন নারীরা। ওই সব হস্তশিল্পসামগ্রী জামালপুর পৌর শহরের শতাধিক দোকানে বিক্রি করা হয়।
জামালপুর জেলা হস্তশিল্প মালিক সমিতি সূত্রে জানা যায়, সদর উপজেলার পৌর শহরের বকুলতলা, নয়াপাড়া, কাচারিপাড়া, ফুলবাড়িয়া, জিগাতলা, দক্ষিণ কাচারিপাড়া, পশ্চিম কাচারিপাড়া, বনপাড়া, কলেজ রোড এলাকা, দাপুনিয়া, সরদারপাড়া, নাসিরপুর, চন্দ্রা, বজ্ররাপুর, ডাকপাড়া, মুকন্দবাড়ী ও দেওয়ানপাড়া এলাকায় হস্তশিল্প কারখানা ও দোকান গড়ে উঠেছে।
জেলা হস্তশিল্প মালিক সমিতি সূত্রে আরও জানা গেছে, ওই সব কারখানা ও দোকানে প্রায় ২০ হাজার কারিগর কাজ করেন। এঁদের মধ্যে বেশির ভাগই নারী। কারিগরেরা কারখানা ও নিজের বাড়ি থেকেও কাজ করছেন। হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী দেশে-বিদেশে ব্যাপক চাহিদা থাকায় প্রত্যেক ঈদে পাইকারি ও খুচরা মিলে প্রায় দুই কোটি টাকার বেশি বিক্রি হয়ে থাকে।
পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার কারিগর মিতু আক্তার জানান, শুক্রবার বাদে প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করেন। ঈদ ছাড়া একজন নারী কারিগর মাসে ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রোজগার করেন। আর ঈদের মধ্যে একটু বেশি।
সদর উপজেলার কালীবাড়ি এলাকার কারিগর শাহানাজ পারভীন বলেন, ‘ঈদ উপলক্ষে প্রায় তিন মাস আগে থেকে হস্তশিল্পের কাজ করছি। আমরা কয়েকজন মিলে কারখানা থেকে নকশিকাঁথা চাদর বাড়িতে নিয়ে এসে কাজ করে থাকি। নিজের রোজগার করা টাকায় ঈদের সব খরচ চালাই। ঈদ মৌসুমে তিন মাসে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা রোজগার করেছি।’
মালিয়া হস্তশিল্পের মালিক ছাইদা বেগম শ্যামা বলেন, তিনি ১৫ বছর ধরে এ ব্যবসা সঙ্গে জড়িত। প্রথম দিকে ২০-৩০ জন নারী কারিগর নিয়ে ওই ব্যবসা শুরু করেন। বর্তমানে তাঁর এখানে দুই শতাধিক কারিগর কাজ করছেন।
জামালপুর জেলা হস্তশিল্প মালিক সমিতির সহসভাপতি ও দীপ্ত কুটিরের মালিক দেলুয়ারা বেগম বলেন, প্রতি ঈদে জামালপুর সদর উপজেলায় প্রায় দুই কোটি টাকার হস্তশিল্পসামগ্রী বিক্রি হয়ে থাকে। এবার বাজার খারাপ যাওয়ায় প্রায় এক কোটি টাকার মতো বিক্রি হয়েছে। ঈদের আগে পর্যন্ত আরও ৫০ থেকে ৬০ লাখ টাকা বিক্রি হতে পারে।