হস্তান্তরের আগেই পরিত্যক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন ভূমি কার্যালয়টি হস্তান্তরের আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নির্মাণের পরপরই ভবনটিতে ফাটল ও দেবে যাওয়ায় প্রশাসন আর সেটি গ্রহণ করেনি। শেষ পর্যন্ত গত ১৭ জানুয়ারি জেলা প্রশাসক ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। তবে এরই মধ্যে ঠিকাদার কাজের পুরো অর্থ তুলে নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগে যে স্থানটিতে ভবনটির নির্মাণকাজ শুরু করা হয়, তখন জায়গাটা ভালোভাবে মাটি ভরাট না করেই নির্মাণকাজ শুরু হয়। তাই নির্মাণের কিছুদিন পরই ভবনটি দেবে যায়। তা ছাড়া নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় ভবনের ভেতরে বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়। গত দুই বছরে ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েক দফা শ্রমিক নিয়োগ করে ফাটলের জায়গায় সিমেন্ট লেপন করেছে।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, তিন বছর আগে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। শুরু থেকে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ ছিল। কিছুদিন পর থেকেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, নাটোর গণপূর্ত বিভাগ ভবনটি নির্মাণের অর্থায়ন ও বাস্তবায়ন করে। এ জন্য ব্যয় হয়েছে ১৮ লাখ টাকা। ২০১২ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান অনিমা জুয়েলার্স এটির নির্মাণকাজ পায়। ভবন হস্তান্তর করতে না পারলেও এরই মধ্যে বরাদ্দের যাবতীয় অর্থ তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার নিপেন কর্মকারের বক্তব্য নিতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ল্যান্ডফোনে (০৭৭১৬২৪০৯) একাধিকবার ফোন দেওয়া হলেও কেউ রিসিভ করেননি। ঠিকাদারের মুঠোফোন নম্বর পাওয়া যায়নি।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান নিশ্চিত করেন, ভবনটির জায়গা নিচু ছিল। মাটি ভরাট করে তড়িঘড়ি ভবন নির্মাণ করায় সামান্য ফাটল দেখা দিয়েছিল। তাই তৎকালীন ইউএনও মাজেদা ইয়াসমিন ভবনটি আর বুঝে নেননি। বর্তমান ইউএনও ইয়াসমিন আক্তারও ভবনটি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তবে জেলা প্রশাসক ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেননি বলে দাবি করেন প্রকৌশলী মশিউর। ওই কর্মকর্তা আরও বলেন, ১৭ জানুয়ারি জেলা প্রশাসক মশিউর রহমান সরেজমিনে পরিদর্শনে গিয়ে ভবনটি তালাবদ্ধ দেখে ফিরে যান। ২৫ জানুয়ারি জেলা উন্নয়ন সভায় ভবনের বিষয়টি আলোচনায় তোলা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) কাজী আতিউর রহমানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। ২২ ফেব্রুয়ারির উন্নয়ন সভায় ওই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। ভবনটি ব্যবহার উপযোগী বলে দাবি করেন প্রকৌশলী।
ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি জেলা প্রসাশক সরেজমিনে ভূমি অফিসের ওই ভবনটি পরিদর্শন করে তা পরিত্যক্ত ঘোষণা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেন।