হস্তান্তরের আগেই ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ও পাশের এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থাপিত সরিকল পুলিশ তদন্তকেন্দ্রের জন্য কোটি টাকার বেশি ব্যয়ে নবনির্মিত ভবনটি হস্তান্তরের আগেই এর দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া ভবনের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরিকল, বাবুগঞ্জ উপজেলার আগরপুর, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সরিকল বন্দরে বহু বছর আগে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে এ ক্যাম্পের জনবল বাড়িয়ে এটিকে সরিকল পুলিশ তদন্তকেন্দ্রে রূপান্তরিত করা হয়। ওই বছরের এপ্রিলে সরিকল হাইস্কুলের উত্তর পাশে তদন্তকেন্দ্রের নিজস্ব ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। ২০০৮ সালের জানুয়ারিতে বরিশাল গণপূর্ত বিভাগ এক কোটি এক লাখ ৮৮ হাজার টাকার একটি প্রাক্কলন তৈরি করে দরপত্র আহ্বান করে। বরিশালের মেসার্স নবারুণ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কার্যাদেশ দেওয়া হয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম-পিপিএম বলেন, ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করায় হস্তান্তর করার আগেই নবনির্মিত ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। তা ছাড়া ভবনটি হস্তান্তর না করায় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি জরাজীর্ণ ভবনে বসবাস করছেন। অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে মেসার্স নবারুণ এন্টারপ্রাইজের মালিক হেমায়েত উদ্দিন হিমু তালুকদার বলেন, ভবনটির কাজ দুই বছর আগে শেষ হয়েছে। এখন পলেস্তারা খসে পড়তে কিংবা দেয়ালে ফাটল দেখা দিতেই পারে। এ ব্যাপারে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারিসুর রহমান বলেন, ‘আমি বরিশালে যোগদান করার আগেই সরিকল পুলিশ তদন্তকেন্দ্রের এ ভবনটি নির্মাণের কাজ শেষসহ বিল দেওয়া হয়েছে। তাই এ বিষয়ে আমি অবগত নই। তবে খোঁজ নিয়ে অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’