হস্তান্তরের আগেই মুক্তিযোদ্ধার বাড়ির দেয়াল ও ছাদে ফাটল
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় হস্তান্তরের আগেই এক মুক্তিযোদ্ধার বাড়ির দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলার জালালপুর গ্রামে অতুল চন্দ্র মণ্ডল নামের এক মুক্তিযোদ্ধার জন্য ওই বাড়িটি নির্মিত হচ্ছে।
দরপত্রের শর্ত অনুয়াযী ছয় মাসের মধ্যে বাড়িটি নির্মাণের কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার তা ১৪ মাসেও শেষ করতে পারেননি।
সরেজমিনে গত সোমবার বিকেলে দেখা যায়, জাতীয় পতাকার আদলে বাড়িটি লাল-সবুজ রং করা হয়েছে। ঘরের দরজা এখনো লাগানো হয়নি। বৈদ্যুতিক কাজও শেষ হয়নি। বাড়ির ভেতরে ঢুকে দেখা গেল, দেয়ালের পলেস্তারার তিনটি স্থানে ও ছাদে ফাটল ধরেছে।
মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র মণ্ডল বলেন, একই সঙ্গে অন্য মুক্তিযোদ্ধাদের বাড়ির নির্মাণকাজ শুরু হয়েছিল। নির্দিষ্ট সময়ে তাঁরা বাড়ি বুঝে পেয়েছেন। তাঁর বাড়িটি ছয় মাসে হস্তান্তরের কথা ছিল। কিন্তু তিনি ১৪ মাসেও বাড়িটি বুঝে পাননি। বাড়ির নির্মাণকাজ শুরুর পর দু-এক দিন সংশ্লিষ্ট ঠিকাদার এসেছিলেন। এরপর তিনি আর আসেননি। ঠিকাদার অদক্ষ শ্রমিক দিয়ে বাড়িটি করছেন। কাজটি তদারকের দায়িত্বে থাকা প্রকৌশলী এসে চেয়ার পেতে রাস্তায় কিছুক্ষণ বসে থেকে চলে যেতেন। শ্রমিকেরা কী কাজ করছেন, তা তিনি কখনো দেখতেন না। বাড়িটি নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করায় হস্তান্তরের আগেই বাড়ির তিনটি স্থানে ও ছাদে ফাটল ধরেছে। দিন যতই যাচ্ছে, ফাটলের আকার আরও বাড়ছে। এই বাড়িতে বসবাস করা নিরাপদ হবে কি না, তা নিয়ে ভাবনায় পড়েছেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা প্রকল্পের আওয়ায় ৭ লাখ ৫৫ হাজার ৩০৫ টাকা ব্যয়ে অতুল চন্দ্র মণ্ডলের বাড়ি নির্মাণ করা হচ্ছে। মেসার্স সাইদুল ইসলাম নামে সিরাজগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদারি প্রতিষ্ঠানটি কার্যাদেশ পেয়ে গত বছরের ১৫ জানুয়ারি বাড়ির নির্মাণকাজ শুরু করে। দরপত্রের শর্ত অনুযায়ী একই বছরের ১৬ জুন বাড়িটি হস্তান্তরের কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন অজুহাতে নির্মাণকাজে দেরি করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নিদিষ্ট সময়ে কাজটি শেষ করতে পারেনি। এর মধ্যে ঠিকাদার সাড়ে চার লাখ টাকা বিল তুলেছেন।
মেসার্স সাইদুর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পরিচয় দিয়ে মোজাম্মেল হক এক নামের ব্যক্তি গত মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই মুক্তিযোদ্ধার বাড়ির কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। সেটি সমাধানের পর বাড়িটি হস্তান্তর করা হবে।
আক্কেলপুর উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে মুক্তিযোদ্ধার বাড়িটি দেখে এসেছি। বাড়িটি খুব সুন্দর। তবে বাড়িটির একটি ঘরের দেয়ালে তিনটি স্থানে পলেস্তারা ও ছাদের ঢালাই ফেটেছে।’