হা-মীম গ্রুপের এমডি এ কে আজাদকে দুই সপ্তাহ সময় দিল দুদক

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে দুই সপ্তাহ সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক )। ২২ মে সকাল ১০টায় তাঁকে দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। আজ বুধবার সকালে দুদকের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এ কে আজাদকে আজ বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। সূত্র জানায়, গত ২৯ এপ্রিল সময় চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর সই করা চিঠিতে দুই সপ্তাহ সময় দেওয়ার কথা জানানো হয় ।
এর আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ এপ্রিল তারিখ নির্ধারিত ছিল। দেশের বাইরে থাকার কারণে ওই দিন সকালে তিনি সময় চেয়ে দুদকে চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে পাঁচ সপ্তাহ সময় দিয়ে তাঁকে ৯ মে দুদকে হাজির থাকতে বলা হয়।
দুদক সূত্র জানায়, এ কে আজাদের বিরুদ্ধে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য জানতে তাঁকে দুদকে হাজির হতে নোটিশ পাঠানো হয়। সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর সই করা চিঠিতে এ কে আজাদকে নিজে দুদকে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে অনুসন্ধানে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গত ২০ মার্চ অনুমোদিত নকশা ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির একাংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর পরদিনই তাঁকে তলব করে চিঠি দেয় দুদক।