হা-মীম গ্রুপের পোশাককর্মীদের বিক্ষোভ, কারখানা ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সোমবার সকালে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ হা-মীম গ্রুপের সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিক নির্যাতন বন্ধ ও বিজিএমইএর কারখানা বন্ধ রাখার তিন দিন শ্রমিকদের উপস্থিতি উল্লেখের দাবিতে আজ সকাল আটটার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানটির কয়েকটি কারখানার শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শ্রমিকদের ধাওয়া করে। শ্রমিকেরা পুলিশকে পাল্টা ধাওয়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছোড়ে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। সকাল পৌনে ১০টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার পর হা-মীম গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।