হা-মীম গ্রুপের মালিককে হুমকি দেওয়ায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় রানা চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতে ধানমন্ডির ৪ নম্বর রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে একটি মুঠোফোন থেকে একাধিকবার খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে হুমকি দেওয়া হয়। তাঁর কাছে চাঁদাও দাবি করা হয়েছিল। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করা হয়।
ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ কে আজাদের অভিযোগের ভিত্তিতে তদন্তে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার সঙ্গে রানা চৌধুরীর জড়িত থাকার তথ্য-প্রমাণ পায় ডিবি পুলিশ। এর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। হুমকি দেওয়ায় ব্যবহূত মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।
ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া রানা চৌধুরী প্রতারক। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তিনি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সাংসদ পরিচয় দিয়ে তদবির করে আসছেন। তিনি পড়াশোনা জানেন না।