হা-হুতাশ করে বসে থাকব না
>ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ বিকেল ৩টা ৫০ মিনিটে ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন করা হবে। এ আয়োজন সম্পর্কে ও বাঙালির প্রেরণা জাগানো উৎসব নিয়ে প্রথম আলোর পাঠকদের জন্য লিখেছেন সন্জীদা খাতুন

পয়লা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানটা ছিল বাঙালির স্বাধিকারের চিন্তাকে উদ্দীপ্ত করবার জন্য। আজ আমরা বিজয় দিবস উদ্যাপন করব। ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ এ আয়োজনে জাতীয় সংগীতসহ আটটি সম্মেলক গান পরিবেশন করা হবে। প্রায় চার হাজার শিল্পীর সঙ্গে গলা মেলাবেন সমাগত হাজারো ভক্ত।
আমরা সব সময় চেষ্টা করেছি, বাঙালি এক হবে এবং সাংস্কৃতিক স্বাধীনতার ব্যাপারটা বুঝে নেবে। সেই জন্য সকালবেলায় আমরা গান করতাম, আবৃত্তি হতো। আমাদের বক্তব্য ছিল, প্রভাতের প্রশান্তি অন্তরে প্রবেশ করুক, করে সত্যের পথে, সুন্দরের পথে আমাদের নিয়ে যাক। ক্রমে আমরা দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে লাগলাম। এ জন্য সে ধরনের গান খুঁজে বের করতে হলো। রবীন্দ্রনাথের গান, ‘এখনও ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি, কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তা কি।’ ‘জাগো এবার জাগো, বেলা কাটাস না গো’—এ কথা বলার জন্যই আমরা এই গান বেছে নিলাম। নজরুলের গান তো ছিলই। নজরুলের একটা গান ‘ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি’। এই ‘ঘুম ভাঙানো’টা অনেক বড় কিছু। মানুষ কিন্তু তা বুঝে নিয়েছে। তারপর কী হলো? বাঙালির নেতা শেখ মুজিবুর রহমান কিন্তু আমাদের সুরেই সুর মেলালেন। বাঙালির কথা শোনাতে লাগলেন। পশ্চিমাদের বঞ্চনার কথা বলতে লাগলেন। আমরা আমাদের কাজ দিয়ে স্বাধীনতায় একটা ভূমিকা তৈরি করতে পারছিলাম।
এখন এসে লক্ষ করলাম, আমরা সবাইকে যেন জাগাতে পারিনি। ছায়ানটে বোমা হামলা হলো। বুঝলাম, সবাই তো আমাদের কাজটাকে সাদরে গ্রহণ করতে পারেনি। আমরা তো সবাইকে বলতে চেয়েছি, আমরা মানুষকে ভালোবাসি। এটা তো কোনো ধর্মীয় উৎসব নয়। আমরা শারদ উৎসব করেছি, বর্ষা উৎসব করেছি, রবীন্দ্রজয়ন্তী করেছি, নজরুলজয়ন্তী করেছি—এগুলো করার সময় আমরা সম্প্রদায়-বিভক্ত মানুষের দিকে তাকাইনি।
২০০১ সালে এসে আমরা বুঝতে পারলাম, আমরা সবার কাছে যেতে পারিনি। বিরুদ্ধতা আছে, এটা আমাদের চিন্তিত করল। আমাদের দুর্ভাগ্য এই যে এখনকার রাজনীতিবিদেরা সংস্কৃতিসচেতন নন। সংস্কৃতি যে মানুষের চিত্তকে উদার করে, মানবপ্রেমী করে—এ কথা সকলে বোঝেন না। আমরা একমাত্র বঙ্গবন্ধুকে পেয়েছিলাম, যিনি বাঙালি শব্দটিকে পূর্ণ তাৎপর্যে গ্রহণ করেছিলেন।
আমরা শিক্ষার সঙ্গে সংস্কৃতিকে মেলানোর চেষ্টা করেছি। যাই হোক, স্বাধীনতার পর সারা দেশ জেগেছে। জাতীয় উৎসব হয়ে উঠেছে পয়লা বৈশাখ। কিন্তু আমরা সবাইকে টানতে পারিনি বাঙালি সংস্কৃতির দিকে। পয়লা বৈশাখটাও একটা ফুর্তি-উৎসব হয়ে উঠেছে। বিজয় দিবসটাও হয়ে উঠেছে কেবলই উৎসব। আনন্দ করাই কি সব? আমরা কি অন্তরে স্বাধীন হয়ে উঠতে পেরেছি?
দেশ আজ বড় দুর্দিনের মধ্য দিয়ে এগোচ্ছে। স্বাধীনতার বোধ আক্রান্ত। তাই আমরা মনে করলাম, তরুণ প্রজন্মের কাছে যাওয়া দরকার। আজকের আয়োজনে ছাত্রছাত্রীরাও আসবে। তারা শুনবে ‘বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল’—এই গানটি গুরু সদয় দত্তের মানবতার গান। আবদুল লতিফের লেখা ‘লাখো লাখো শহীদের রক্তমাখা’ গানটিও শুনতে পাবে তরুণেরা। এসব গানে দেশকে ভালোবাসার কথা রয়েছে। দীপ্ত টিভি অনুষ্ঠানটি সরাসরি দেখাবে।
সিকান্দার আবু জাফরের ‘তুমি বাংলা ছাড়ো’ কবিতাটি আবৃত্তি হবে। পাকিস্তান আমলে আমাদের আবেগের সবটা এসেছে এ কবিতায়। এই কথাগুলোই তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হবে আজকের অনুষ্ঠানে।
পয়লা বৈশাখ দেশ নিয়ে আমরা কিছু কথা বলি। অনেকে শোনে, বোঝে। কিন্তু সর্বসাধারণের কাছে কিছুতেই পৌঁছুতে পারছি না। তারই খোঁজে এই আরেকটি আয়োজন করলাম। কিছু তো করতে হবে। কেবল হা-হুতাশ করে বসে থাকব না।