হাঁটছেন সাইফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৭৭২ দিন পর সাইফুল সামিনকে গতকাল সোমবার ক্যাম্পাসে হাঁটতে দেখে সবাই অবাক। কথাটি তাহলে সত্যি! রীতিমতো হেঁটেই তো সাইফুল এলেন আবার তাঁর প্রিয় ক্যাম্পাসে। যাঁরা অনেক দিন খোঁজ জানতেন না, তাঁরা হঠাৎ করেই গত রোববার সাইফুলের ফেসবুক স্ট্যাটাসে ‘আবার যদি আমি হেঁটে বেড়াই’ দেখে বিস্মিত হয়েছিলেন। সেটাই স্বাভাবিক। ট্রেনে কাটা পড়ে যিনি কিনা দুটি পা-ই হারিয়েছেন, তিনি হাঁটবেন কেমন করে! হুইলচেয়ার হলে তবু না হয় হতো। কিন্তু হাঁটা? সঙ্গী সুহূদদের মনে ওই কথাটি আশা জাগালেও সন্দেহ যেন দূর হচ্ছিল না। সাইফুল সামিন হয়তো নিজেও তা আঁচ করেছিলেন। গতকাল ফেসবুকে আবার জানিয়ে দিলেন, ‘বিশ্বাস করুন বা নাই করুন, শতভাগ সত্যি। এখন আমি হাঁটতে পারি। সবার কাছে আমি কৃতজ্ঞ। এ যেন মানবতার জয়।’সাইফুল সামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী। দুই বছর আগে ট্রেন দুর্ঘটনায় দুটি পা হারিয়েছিলেন তিনি। গত রোববার সাইফুল সামিনের ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই চমকে উঠেছিলেন। সেদিন তাঁর ফেসবুকে লেখা ছিল, ‘আচ্ছা, এমন যদি হয়, আবার আমি হাঁটছি আমার প্রিয় ক্যাম্পাসে!’সাইফুলের সেই স্বপ্ন সত্যি হয়েছে। আবারও তিনি হেঁটে ফিরে এসেছেন তাঁর প্রিয় ক্যাম্পাসে।সাইফুলের এই ফিরে আসায় আনন্দে উদ্বেলিত তাঁর শিক্ষক, বন্ধুবান্ধব, সহপাঠী, পরিবারসহ প্রথম আলোও। সাইফুল এখন প্রথম আলো পরিবারের সদস্য। গতকাল সোমবারই তাঁর হাতে প্রথম আলোর নিয়োগপত্র তুলে দিয়েছেন সম্পাদক মতিউর রহমান। সাইফুল এখন থেকে প্রথম আলোর সহসম্পাদক। সাংবাদিকতা বিভাগ ও প্রথম আলো দুই বছর ধরে সাইফুলের চিকিৎসার আর্থিক সহায়তা দিয়ে আসছিল।হেঁটে প্রিয় ক্যাম্পাসে আসতে কেমন লাগছে জানতে চাইলে সাইফুল প্রথম আলোকে বলেন, ‘এ অনুভূতি অকল্পনীয়। এমন একটি দুর্ঘটনার পর আবার পা ফিরে পাওয়া; হোক না সে পা কৃত্রিম, তবু সেই পা আমার কাছে অনেক আপন। বহুদিন পর আমি আবার হাঁটছি। আবার নতুন করে নিজেকে ফিরে পেয়েছি।’সাইফুলের বাবা সহিদুল ইসলাম বলেন, ‘বাবা হিসেবে আমি বুঝিয়ে বলতে পারব না এই অনুভূতির কথা। এই ভালোলাগা শেষ হওয়ার নয়। আমার ছেলে যেন আবার নতুন জীবন ফিরে পেয়েছে। আমরাও ওকে আবার নতুন করে ফিরে পেয়েছি।’সাইফুলের দীর্ঘদিনের বন্ধু ও সহপাঠী এ এস এম আতিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর আমরা সব সময় স্বপ্ন দেখেছি ও একদিন আবার পায়ে হেঁটে আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের সেই স্বপ্ন আজ সত্যি হলো।’দুর্ঘটনার দিন সাইফুলকে হাসপাতালে নেওয়ার সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সেই মুহূর্তে পঙ্গু হাসপাতালের চিকিৎসক আরিফ আনোয়ার নিজের রক্ত দিয়ে তাঁর ধমনির স্পন্দন টিকিয়ে রেখেছিলেন। স্বাভাবিকভাবেই সাইফুলের ফিরে আসার খবরে তিনি গভীরভাবে আনন্দিত। তিনি বলেন, ‘সে সময় একজন চিকিৎসক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছিলাম মাত্র। কিন্তু আজ তাঁর হাঁটার খবরে অনেক বেশি ভালো লাগছে।’ সাইফুলের পাশে মায়ের মতো সব সময় যাঁরা ছিলেন, তাঁদের একজন বিভাগীয় শিক্ষক শাওন্তী হায়দার। তিনি বলেন, ‘সাইফুল যে এভাবে ক্যাম্পাসে ফিরে আসবে, সে ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত ছিলাম। ওর মানসিক দৃঢ়তা ছিল অন্য দশজনের চেয়ে অনেক বেশি।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সাইফুল যেদিন দুর্ঘটনায় পা হারাল, সেদিন আমরা মনেপ্রাণে চেয়েছিলাম ও বেঁচে উঠুক। সেদিন ওর যে অবস্থা ছিল, তাতে এর চেয়ে বেশি কিছু আশা করতে ভয় হয়েছিল। কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ ও আবার আমাদের মাঝে ফিরে এসেছে।’২০০৮ সালের ২০ জুন তেজগাঁওয়ে এক ট্রেন দুর্ঘটনায় দুটি পা হারান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাইফুল সামিন। এরপর দুই মাস ১৯ দিন পঙ্গু হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। সেখান থেকে শ্যামলীতে একটি বাসায় ওঠেন তিনি। ২০০৯ সালের মে মাস পর্যন্ত তিনি ওই বাসাতেই ছিলেন। ইতিমধ্যে সাইফুলের কৃত্রিম পা সংযোজনের জন্য চিকিৎসকদের মাধ্যমে বিদেশে যোগাযোগ চলে। ২০০৯ সালের জুনে সাইফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে ওঠেন। হুইলচেয়ারে করে তিনি ক্যাম্পাসে আসতে শুরু করেন। মাস্টার্সের সব ক্লাস ও পরীক্ষাতেও নিয়মিতভাবে অংশ নেন। ২০০৯ সালের নভেম্বর থেকে এন্ডোলাইট বাংলাদেশের সহায়তায় সাইফুলের কৃত্রিম পা লাগানোর চেষ্টা শুরু হয়। প্রতিষ্ঠানের জৈব প্রকৌশলীদের অক্লান্ত চেষ্টায় তা সফল হয়। গতকালই প্রথম পায়ে হেঁটে ক্যাম্পাসে আসেন সাইফুল সামিন।