হাঁটাচলা করলেই কেঁপে ওঠে ভবন। মনে হয়, ভবনটি এখনই ভেঙে পড়বে। ছাদের জায়গায় জায়গায় পলেস্তারা নেই; কোথাও ফাটল ধরেছে বিমেও।
এই অবস্থা কুষ্টিয়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) মীর মশাররফ হোসেন হলের। সেখানে ঝুঁকি নিয়ে ভবনে বাস করছেন প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকেরা। আতঙ্কে ইতিমধ্যে হল ছেড়েছেন পাঁচজন।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আবাসিকে থেকে প্রশিক্ষণ নেন। নারী শিক্ষকদের জন্য রয়েছে বীর প্রতীক তারামন বিবি হল; পুরুষ শিক্ষকদের জন্য মীর মশাররফ হোসেন আবাসিক হল। নারীদের হলে থাকেন প্রায় ১৩০ জন। পুরুষ হলে থাকেন ৩৫ জন। নারীদের হলটি নতুন হওয়ায় অবস্থা ভালো রয়েছে। তবে ১৯৮২ সালে নির্মিত পুরুষ হলটি বর্তমানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
গত ৩০ জানুয়ারি দুপুরে সরেজমিনে দেখা গেল, দোতলাবিশিষ্ট মীর মশাররফ হোসেন হলের নিচতলায় রয়েছে শিক্ষকদের ডাইনিং এবং পাঁচজন থাকার জন্য একটা কক্ষ। তার পাশে নামাজের কক্ষ। দোতলায় ১২টি কক্ষের মধ্যে ৮টিতে থাকেন শিক্ষকেরা। বাকি চারটি কক্ষ তালাবদ্ধ। শিক্ষকদের আটটি কক্ষের সব কটিতেই ছাদের বেশ কিছু জায়গায় পলেস্তারা নেই। দুটি কক্ষে বিমেও ফাটল দেখা গেল। দোতলায় হাঁটাচলা করতে গিয়ে ভবন কেঁপে ওঠা অনুভব হলো।
খোকসা আটগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতারুল ইসলাম বললেন, রাতে পড়ার সময় আতঙ্কে থাকতে হয়, কখন পলেস্তারা খসে মাথায় পড়ে। ঘুমানোর সময় বারান্দায় বা ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করলে ভবন কেঁপে ওঠে। ভয়ে ঠিকমতো ঘুম হয় না।
মিরপুর উপজেলার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইনুল ইসলাম ২ জানুয়ারি এ হলে উঠেছিলেন। কিন্তু পরিস্থিতি দেখে ভয়ে বাড়ি চলে যান তিনি। পরে ইনস্টিটিউটের বাইরে ভাড়া বাসায় উঠেছেন। সাইনুল বললেন, ‘আগে জীবন বাঁচানো, তারপর অন্য কিছু। ঝুঁকি নিয়ে তো আর বাস করা যায় না।’ তাঁর কথায় সায় দিয়ে শিক্ষক আবদুর রশীদও বললেন, তিনিসহ আরও চার শিক্ষক বাসা ভাড়া নিয়ে থাকছেন।
হল ব্যবস্থাপনা পরিষদের সচিব শিক্ষক কুদরত ই খোদা প্রথম আলোকে বলেন, তাঁদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টকে (তত্ত্বাবধায়ক) বলা হয়েছে। এ নিয়ে হলে বৈঠকও হয়েছে। বিষয়টির যত দ্রুত সমাধান হবে, শিক্ষকদের মাঝে তত দ্রুত স্বস্তি ফিরবে।
সুপারিনটেনডেন্ট রবীন্দ্রনাথ সরকার বলেন, শিক্ষকেরা বিষয়টি জানিয়েছেন। তাঁরা খুব আতঙ্কে আছেন। এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) কর্মকর্তারা দেখে গেছেন। তাঁরা যে ব্যবস্থা নেবেন, সেটাই করা হবে।
এলজিইডির কুষ্টিয়া সদর কার্যালয় সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি ঢাকা, খুলনা ও যশোরের তিন প্রকৌশলী কুষ্টিয়ায় এসে মীর মশাররফ হোসেন হল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপস্থিত কুষ্টিয়া এলজিইডির এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, খালি চোখে যা মনে হয়েছে, তাতে করে ভবনটি বসবাসের উপযোগী নয়।
জানতে চাইলে কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে আরেকটি প্রতিনিধিদল এসে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।