হাঁটতে হাঁটতে ফোনে কথা, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

রেললাইনের পাশে হাঁটতে হাঁটতে মুঠোফোনে কথা বলছিলেন। হঠাৎ এসে পড়ল ট্রেন। টের না পেয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম শান্তনা বসাক (১৯)। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামের নরেন্দ্রনাথ বসাকের মেয়ে শান্তনা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে থাকতেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকেল সাড়ে চারটার দিকে চারুকলা এলাকার রেললাইনের পাশে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন শান্তনা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি শান্তনাকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা জখম হয়। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয় লোকজন। ভর্তির পর বিকেল পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন জানান, বিষয়টি ছাত্রীর পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে লাশ হস্তান্তর করা হবে। বর্তমানে লাশ মর্গে রয়েছে।