পথচারীদের চলাচল নিরাপদ ও প্রাপ্য সুবিধা দেওয়ার আগেই তাদের হাঁটাচলার বিরুদ্ধে ঢাকা মোট্রোপলিটন পুলিশের অভিযান ‘একধরনের অপরাধ’ বলে অভিমত প্রকাশ করা হয়েছে এক আলোচনা সভায়। বলা হয়েছে, পথচারীরা এত দিন তৃতীয় শ্রেণির নাগরিক ছিল। এবার সব ঠিকঠাক না করে এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে তাদের চতুর্থ শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করার ক্ষেত্র তৈরি করা হয়েছে।
গতকাল বুধবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করে। সভা থেকে পথচারীবান্ধব যোগাযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
‘যাতায়াতব্যবস্থায় পথচারীর গুরুত্ব: সাম্প্রতিক পদক্ষেপসমূহ’ শীর্ষক সভায় মূল প্রবন্ধে পরিবহন বিশেষজ্ঞ মারুফ রহমান বলেন, যানজট, স্বাস্থ্য, পরিবেশ, জ্বালানি, অবকাঠামো সবকিছু বিবেচনায় হাঁটা সবচেয়ে সুবিধাজনক যাতায়াতমাধ্যম। ঢাকা শহরে হেঁটে ৩৭ শতাংশ যাতায়াত হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে পথচারীদের সংখ্যাই বেশি। অপর্যাপ্ত, নিম্নমানের হাঁটার অনুপযোগী ফুটপাত এবং রাস্তা পারাপারের তেমন কোনো ব্যবস্থা না থাকাই এর অন্যতম কারণ।
প্রবন্ধে আরও বলা হয়, বাংলাদেশে জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালায় ‘পথচারীর অগ্রাধিকার’ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। তার পরও পথচারীদের, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি, নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও মালামাল বহনকারী পথচারীদের জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না নিয়ে বর্তমানে পুলিশের অভিযান পথচারীর অধিকার খর্ব করছে।
সভার সভাপতি পবা চেয়ারম্যান আবু নাসের খান বলেন, পথচারীদের তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে মূল্যায়ন করার কারণে যাতায়াত পরিকল্পনায় তাদের অগ্রাধিকার দেওয়া হয় না। অথচ ঢাকা শহরে মাত্র ২ শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে থাকে। পায়ে চলাচল স্বাস্থ্য ও পরিবেশের জন্য ভালো হলেও পরিকল্পনা বাস্তবায়নের সময় এই মাধ্যমটিকে অবহেলা করা হয়।
সাধারণ সম্পাদক আবদুস সোবাহান বলেন, দাতা সংস্থার ঋণের টাকায় সিটি করপোরেশন ঢাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল দেয়, নিয়ন্ত্রণ করে পুলিশের ট্রাফিক বিভাগ।