হাঁটাচলার সেতু ভেঙে ট্রাক নদে
ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র তিতুমীর বাজার ও হাজি শরীয়তুল্লাহ বাজারের মধ্যে কুমার নদের ওপর অবস্থিত বেইলি সেতুর একাংশ ধসে গেছে। গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে একটি পাথরবোঝাই ট্রাকসহ সেতুটি ভেঙে কুমার নদে পড়ে যায়। এতে ওই পথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।১৯৯০ সালে নির্মিত এই সেতুর ওপর দিয়ে যাত্রী সাধারণ শুধু হেঁটে পার হওয়ার কথা। ব্যাটারচালিত রিকশা বা সাধারণ সাইকেল রিকশারও এই সেতু ব্যবহার করার কথা নয়। সেই সেতু দিয়ে পাথরবোঝাই একটি ট্রাক পার হতে গেলে সেতুর পশ্চিম পাড়ের অংশ বিধ্বস্ত হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী জিলানী খাবার হোটেলের ব্যবস্থাপক মো. মন্টু জানান, পাথরবোঝাই একটি ১০ চাকার ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬৬২৫) সেতুটি পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে সেতুর একাংশ ধসে পড়ে এবং ট্রাকটি কুমার নদে পড়ে যায়। দুর্ঘটনার সময় শরীয়তুল্লাহ বাজারের কুমার নদের পশ্চিম পাড়ের দুটি কলার দোকানও ক্ষতিগ্রস্ত হয়।শরীয়তুল্লাহ বাজারের নৈশপ্রহরী মুরাদ মোল্লা (৩৮) বলেন, ‘ট্রাকটি সেতু পার হওয়ার আগে আমি বাধা দিয়েছিলাম। কিন্তু চালক আমার কোনো কথা শোনেননি।’দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে চালক কুষ্টিয়ার দৌলতপুর এলাকার নান্টু রহমান (২৫) ও তাঁর সহযোগী একই এলাকার মো. লিটন (২৩) ছিলেন। দুর্ঘটনার পর লিটন পালিয়ে যান এবং নান্টু ট্রাকের মধ্যে আটকা পড়েন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে নান্টুকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোতোয়ালি থানার পুলিশের হাতে সোপর্দ করেন।চালক নান্টু রহমান জানান, দিনাজপুরের মধ্যপাড়া থেকে রেলের কাজের জন্য ৩৬ টন পাথর নিয়ে গত শনিবার বিকেল তিনটার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা দেন। তিনি একটু ঘুরে পাকা সেতু দিয়ে না গিয়ে সোজাসুজি পথে বেইলি সেতুটি অতিক্রম করার চেষ্টা করেছিলেন।ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, সেতুর ওপর দিয়ে যাতে কোনো যানবাহন চলাচল করতে না পারে সে জন্য সেতুর দুই পাশে পিলার গেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ীরা তাঁদের পণ্য আনা-নেওয়ার সুবিধার জন্য সেগুলো তুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।অভিযোগ নাকচ করে দিয়ে শরীয়তুল্লাহ বাজার সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম জানান, ছয় মাস আগে সেতুর দুই পাশে সড়কের উন্নয়নকাজের সময় ঠিকাদারেরা পিলারগুলো তুলে ফেলেন। এরপর আর সেখানে পিলার স্থাপন করা হয়নি। তিনি বলেন, সেতু মেরামত না হওয়া পর্যন্ত আপাতত নৌকা দিয়ে লোকজনের চলাচলের ব্যবস্থা করা হবে।ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, ৩০০ ফুট দৈর্ঘ্যের সেতুটির ৯২ ফুট অংশ ধসে পড়েছে। আমরা সেতুটি মেরামতের উদ্যোগ নিয়েছি। আগামী ১০-১২ দিনের মধ্যে সেতুটি চালু করা সম্ভব হবে।