হাঁটার চেষ্টা করছে শাহাদাত
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলামের ছোড়া গুলিতে আহত শিশু শাহাদাত হাসপাতালে একটু একটু করে হাঁটার চেষ্টা করছে। আগামীকাল রোববার অথবা পরশু সোমবার তাকে ছাড়পত্র দেওয়া হবে।
আজ শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহাদাত একটু একটু করে হাঁটার চেষ্টা করছে। মা-বাবা দুইদিক থেকে ধরে তাকে হাঁটানোর চেষ্টা করছেন। ডান পা সহজে ফেলতে পারলেও বাম পা ফেলতে তার কিছুটা কষ্ট হচ্ছে।
শাহাদাতের বাবা সাজু মিয়া বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে তিনবার (সকাল দুপুর ও সন্ধ্যায়) ধরে ধরে তাঁরা শাহাদাতকে হাঁটানোর চেষ্টা করছেন। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো ব্যায়ামও করানো হচ্ছে।
হাঁটার পর বিছানায় শুয়ে পড়ে শাহাদাত। বলে, ‘আগের থাকি অনেক ভালো আছি। ডাক্তার কইছে ভালো হয়া যাইবে।’ পাশে তার বড় ভাই শামীম আস্তে আস্তে ছোট ভাইয়ের পা টিপে দিচ্ছে। মা সেলিনা বেগম হাসিমুখে তাঁদের এই দুর্ভোগে পাশে দাঁড়ানোর জন্য হাসপাতালের চিকিৎসক ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘হামরা সবার কাছোত দোয়া চাই গ্রামোত যায়া যেন ভালোভাবে থাইকপার পাই।’
শিশু সার্জারি ওয়ার্ডের সহকারী অধ্যাপক বাবলু কুমার সাহা বলেন, শিশুটির এখন ভালো অবস্থা। হাঁটতে পারছে। তার চিকিৎসা দেওয়া হয়েছে। দিনে তিন বেলা একটু একটু হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। এতে করে হাসপাতালে থেকে চিকিৎসার আর প্রয়োজন নেই।
হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ প্রথম আলোকে বলেন, শিশুটিকে আগামীকাল (রোববার) অথবা পরশু (সোমবার) ছাড়পত্র দেওয়া হবে। তখন সব গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জের বাড়ি থেকে ২ অক্টোবর সকালে চাচার সঙ্গে হাঁটতে বেরিয়েছিল স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন ওরফে সৌরভ। এ সময় সাংসদ মঞ্জুরুল ইসলাম ওরফে লিটন গুলি ছুড়লে শিশুটির বাঁ পায়ে একটি ও ডান পায়ে দুটি গুলি লাগে। ওই দিনই শিশু শাহাদাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
আরও পড়ুন: