
মোহাম্মদপুর থানার পশ্চিম প্রান্তের বাসিন্দাদের চলাচলের মূল সড়ক সাতমসজিদ রোড ও আসাদ অ্যাভিনিউ। দুটি সড়ক এসে মিশেছে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে। আর এই বাসস্ট্যান্ড মোড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। গর্তে জমে থাকা পানি ও কাদার কারণে এই পথ দিয়ে মানুষ হাঁটার জায়গাও পাচ্ছে না।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন বসিলা, ধানমন্ডি ও আসাদগেটের দিকে শত শত যানবাহন যাওয়া-আসা করে।
গতকাল সোমবার দেখা গেছে, বাসস্ট্যান্ডের বটতলার ঠিক সামনে বড় একটি গর্ত। বৃষ্টির কারণে সেখানে পানি জমে আছে। এর চারপাশে সড়কের পিচ উঠে গেছে। বৃষ্টির পানিতে সেখানে তৈরি হয়েছে কাদা। কাদা ও গর্তের কারণে মানুষ হাঁটতেও পারছে না। বাসস্ট্যান্ড মোড় থেকে সাতমসজিদ রোডের ধানমন্ডি ২৭ নম্বরের পশ্চিম প্রান্ত ও আসাদ অ্যাভিনিউর পূবালী ব্যাংক পর্যন্ত সড়কে খানাখন্দ দেখা যায়।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, কয়েক মাস আগে বসিলা রোড ও আসাদগেটে যাওয়ার সড়কের বড় অংশ সংস্কার করা হয়েছে। কিন্তু অজানা কারণে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড় এবং এর দক্ষিণ ও পূর্ব দিকের সড়কের একাংশ সংস্কার করা হয়নি। এতে তাঁদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁরা বলেন, মাঝেমধ্যে বালু ও ইটের খোয়া ফেলে গর্ত ভরাট করা হয়, কিন্তু কয়েক দিন পরই সড়ক আবার আগের অবস্থায় ফিরে যায়।
গতকাল হেঁটে বাসস্ট্যান্ড মোড় পাড় হচ্ছিলেন মাহবুবা সিদ্দিকা নামের এক পথচারী। তিনি বলেন, কাদা ও গর্তে জমে থাকা পানির কারণে এই পথ দিয়ে হাঁটাও কষ্টকর। বাধ্য হয়ে মানুষ ঝুঁকি নিয়ে সড়কের মাঝখান দিয়ে চলাচল করে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোর গতি কমাতে হয়। এতে এই মোড়ে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গতকাল রিকশাযোগে বাসায় ফিরছিল রিদম হোসেন নামের এক স্কুলছাত্র। কিন্তু বাসস্ট্যান্ড মোড়ে যানজটের কারণে সে রিকশা থেকে নেমে হাঁটা শুরু করে। সে প্রথম আলোকে বলল, সড়ক ভাঙাচোরা হওয়ার কারণে স্কুলে যাওয়া-আসার সময় তাদের ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টি হলে দুর্ভোগ বেড়ে যায়।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ফার্মগেটগামী লেগুনার চালক মো. সোহেল বলেন, মোড়ের গর্ত পার হতে না হতেই বিআরটিসি বাস ডিপোর সামনে, নুরজাহান রোডে ঢোকার একটু আগে ও পূবালী ব্যাংকের সামনের গর্ত পেরোতে হয়। এতে যাত্রীদের কষ্টের পাশাপাশি চালকদেরও লেগুনা চালাতে কষ্ট হয়। এ ছাড়া ভাঙা রাস্তার কারণে লেগুনাও প্রায়ই বিকল হয়ে যায়।
রিকশাচালক রহমত উল্লাহ বলেন, বসিলা থেকে টাউন হল বা জিগাতলার দিকে যেতে হলে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ের বড় গর্তটি পেরিয়ে আসতে হয়। কয়েক মাস আগেও গর্তটি ছোট ছিল। বৃষ্টির কারণে গর্তের আকার আরও বড় হয়েছে। গর্তের কারণে এখন আর রাস্তার মাঝখান দিয়ে রিকশা নিয়ে আসা যায় না। গর্তের দুই পাশ দিয়ে আসতে হয়। তারপরও রিকশা উল্টে দুর্ঘটনার ঝুঁকি থাকে।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড় ও এর পাশের ভাঙা সড়ক দুটি পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ নম্বর অঞ্চলে। এই অঞ্চলের নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান বলেন, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও এর পাশের অংশ এবং বাঁশবাড়ি সড়ক ঘিরে সিটি করপোরেশনের বড় পরিকল্পনা রয়েছে। বাসস্ট্যান্ড মোড়ে বিআরটিসির ডিপো থেকে জায়গা নিয়ে মোড়টি আরও প্রশস্ত করা হবে। এ ব্যাপারে একটি প্রকল্প নেওয়া হবে। আগামী এক বছরের মধ্যে পুরো রাস্তাটিই ঠিক হয়ে যাবে। তিনি বলেন, প্রায়ই সড়কের গর্তগুলো ইট-বালু দিয়ে ভরাট করা হয়।
গতকাল দুপুরে বাসস্ট্যান্ডের বটতলার পাশে কয়েকজনকে ইট ভাঙতে দেখা গেছে। ইটের পাশে কিছু বালুও রাখা ছিল। সেখানে কর্মরত এক শ্রমিক বলেন, সোমবার থেকে তাঁরা কাজ শুরু করেছেন। সড়কের গর্তে ইটের খোয়া ও বালু ফেলা হবে।