হাঁটার পথে পণ্য মানুষ রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকারগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশে পথচারীদের হাঁটার যেটুকু জায়গা ছিল, তা–ও সড়কসংলগ্ন ব্যবসায়ীদের দখলে। লোকজনকে হাঁটতে হয় রাস্তা দিয়ে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ঠাকারগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশে পথচারীদের হাঁটার যেটুকু জায়গা ছিল, তা–ও সড়কসংলগ্ন ব্যবসায়ীদের দখলে। লোকজনকে হাঁটতে হয় রাস্তা দিয়ে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের নর্থ সার্কুলার রোড ও শহীদ মোহাম্মদ আলী সড়ক দুটি শহরের ব্যস্ততম সড়ক। কিন্তু দুই সড়কের পাশেই কোনো ফুটপাত নেই। তবে সড়কসংলগ্ন নর্দমার ওপর স্থাপন করা স্ল্যাবের ওপর দিয়ে পথচারীদের চলাচলের যৎকিঞ্চিৎ সুযোগ ছিল। কিন্তু তা-ও চলে গেছে ব্যবসায়ীদের দখলে।
সড়ক দুটির দুই পাশে থাকা দোকানপাটের পণ্য চলাচলের ওই পথজুড়ে রেখে দিয়েছেন ব্যবসায়ীরা। বাধ্য হয়ে পথচারীরা মূল সড়ক দিয়েই চলাচল করছেন। যানবাহনের পাশ দিয়ে চলাচল করতে গিয়ে পথচারীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। দিনের পর দিন এ অবস্থা চললেও সেদিকে নজর নেই কারও।
সরেজমিনে গতকাল বুধবার দেখা যায়, শহীদ মোহাম্মদ আলী সড়কের নিউমার্কেটের সামনে থেকে কালীবাড়ি মোড় পর্যন্ত পূর্ব দিকের হাঁটার পথে রাখা হয়েছে দোকানপাটের নানা পণ্য। আর পশ্চিম পাশে হাঁটার পথটুকুও নেই। সেখানে সড়কের ওপরই রাখা হয়েছে পণ্যসামগ্রী। এসব পণ্যের মধ্যে রয়েছে শিশুদের খেলনা থেকে শুরু করে বৈদ্যুতিক সামগ্রী, সিলভারের তৈজসপত্র ইত্যাদি। এ ছাড়া রোজা আসায় দুই পাশেই বসানো হয়েছে ইফতারি বিক্রির অস্থায়ী দোকান। এ কারণে রাস্তা ধরে হাঁটা ছাড়া লোকজনের চলার উপায়ই নেই।
নর্থ সার্কুলার রোডের পাশে নানা দোকানপাট থাকলেও হাঁটার জায়গায় মূলত রাখা হতো দোকানের পরিচিতিমূলক স্ট্যান্ড সাইনবোর্ড। কিন্তু ঈদ সামনে রেখে এখন সেই হাঁটার জায়গায় মাথার ওপর রশি টানিয়ে ঝোলানো হয়েছে তৈরি পোশাক থেকে বিছানার চাদর পর্যন্ত। কোথাও কোথাও চৌকি পেতে বিক্রি করা হচ্ছে পণ্য।
শহরের স্বর্ণকার পট্টি থেকে চৌরাস্তা পর্যন্ত নর্থ সার্কুলার রোড এবং চৌরাস্তা থেকে কালীবাড়ি পর্যন্ত শহীদ মোহাম্মদ আলী সড়ক বিস্তৃত। এ দুই সড়কের দুই পাশে গড়ে উঠেছে অফিস-আদালত, ব্যাংক, বিমাপ্রতিষ্ঠানসহ নানা বিপণিবিতান। এসবের মধ্যে রয়েছে জেলা ডাকঘর, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, জেলা মহিলা অধিদপ্তর, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় ইত্যাদি। প্রতিদিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই এলাকা জমজমাট হয়ে ওঠে। অফিস-আদালতে নানা কাজের পাশাপাশি সড়কের পাশের এসব দোকানপাটে কেনাকাটা করতে আসে নানা শ্রেণি-পেশার মানুষ। সকাল থেকেই রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও অন্য যানবাহনের ভিড় লেগে যায়। তখন হাঁটার পথ না থাকায় মূল সড়কে যানবাহনের ফাঁক গলেই চলাচল করতে হয় পথচারীদের। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারীরা নানা ভোগান্তির সঙ্গে সঙ্গে দুর্ঘটনার আশঙ্কায়ও থাকে। পাশাপাশি যান চলাচলও ব্যাহত হয়।
বালক বিদ্যালয়টির শিক্ষক কাদিমুল ইসলাম বলেন, ‘আমাদের রাস্তা দিয়েই হাঁটতে হয়। যেসব সড়কে হাঁটার পথ আছে, তা-ও দোকানপাটের দখলে চলে গেছে। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে মাঝেমধ্যেই গাড়ির সঙ্গে ধাক্কা খেতে হয়।’
শহরের বাসিন্দা ও স্থানীয় একটি বেসরকারি সংস্থার কর্মী নাজনীন আকতার বলেন, ‘এভাবে সড়ক দিয়ে হাঁটা খুবই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া হাঁটতে গিয়ে রিকশা, অটোরিকশাচালকদের গালমন্দও শুনতে হয়। বিড়ম্বনার শেষ নেই।’
শহীদ মোহাম্মদ আলী সড়কের ব্যবসায়ী রজব আলী বলেন, ‘এভাবে তো দীর্ঘদিন থেকেই ব্যবসা করে আসছি। কারও কোনো অসুবিধা হচ্ছে না। কেউ কোনো অভিযোগও করেনি।’
ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈন অবশ্য বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। শহরের মূল সড়ক দিয়ে পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, শিগগিরই সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়া ফুটপাত দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ সহায়তা চাইলে দেওয়া হবে বলে আশ্বাস দেন পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী।