হাঁটি হাঁটি পা পা করছে তথ্য কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নবগঠিত তথ্য কমিশন এখনো পুরোদমে সচল হতে পারেনি। কমিশনে জনবল-সংকট থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগপ্রক্রিয়ার গতি অনেকটাই শ্লথ।প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির প্রথম আলোকে বলেন, ‘বলা যায়, কমিশন হামাগুড়ি শেষ করে হাঁটি হাঁটি পা পা করছে।’সূত্র জানিয়েছে, কমিশনের জন্য ৭৬ জনের জনবল অনুমোদন করা হলেও নিয়োগপ্রক্রিয়া ঝুলে আছে। বর্তমানে কমিশন ১৪-১৫ জন কর্মকর্তা দিয়ে কাজ চালাচ্ছে।কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলে প্রধান তথ্য কমিশনার দাবি করলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, কমিশনকে তথ্য, সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করতে হচ্ছে। এতে আমলাতান্ত্রিক জটিলতার সৃষ্টি হচ্ছে পদে পদে।আইন জারির ৬০ দিনের মধ্যে কর্তৃপক্ষের প্রতিটি তথ্য প্রদান ইউনিটের জন্য একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক। প্রতিষ্ঠানের নতুন কার্যালয় তৈরি হলে ৬০ দিনের মধ্যে নতুন কর্মকর্তা নিয়োগ দিতে হবে। অফিসপ্রধান নিজেকে বা অফিসের যেকোনো কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারবেন। নিয়োগ দেওয়ার ১৫ দিনের মধ্যে তা কমিশনকে জানাতে হবে। তবে এ প্রক্রিয়াটি খুবই শ্লথ গতিতে এগোচ্ছে।কমিশনের তথ্যমতে, মন্ত্রণালয় ও বিভাগসহ সরকারি প্রতিষ্ঠানে পাঁচ হাজার ২০০ এবং এনজিগুলোতে এক হাজার ৪৭০ জন তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।প্রধান তথ্য কমিশনার বলেন, এনজিওগুলো দায়বদ্ধতা ও জবাবদিহি নিয়ে কথা বললেও অধিকাংশ সংস্থাই অস্বচ্ছ এবং তথ্য দেওয়ার ব্যপারে উদার নয়। এমনকি, অধিকাংশ এনজিও তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়নি।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাকে ঊর্ধ্বস্থানীয় কর্মকর্তার কাছ থেকে তথ্য এনে দিতে হচ্ছে। বেশির ভাগ ঊর্ধ্বস্থানীয় কর্মকর্তার এ আইন সম্পর্কে ধারণা না থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বদলি হলেও জটিলতার সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, কর্মকর্তা বদলি হলে কমিশনকে তা জানানোর নিয়ম অনেকে মানছে না। বিকল্প কর্মকর্তাও নিয়োগ দেওয়া হচ্ছে না।আইন অনুযায়ী, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য চাওয়া হলে তিনি ২০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করবেন। অনুরোধ করা তথ্য ব্যক্তির জীবন-মৃত্যু, গ্রেপ্তার এবং কারাগার থেকে মুক্তিসম্পর্কিত হলে ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক তথ্য সরবরাহ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য না দিলে সময়সীমা অতিক্রমের ৩০ দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করা যাবে। ১৫ দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষ বিষয়টি নিষ্পত্তি করবে। এর পরও আবেদনকারী সংক্ষুব্ধ হলে তথ্য কমিশনে অভিযোগ জানাতে পারবেন। কমিশন অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে কোনোভাবেই ৭৫ দিনের বেশি সময় পাবে না। অভিযোগ প্রমাণিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জরিমানাসহ বিভাগীয় শাস্তির জন্য কমিশন সুপারিশ করতে পারবে।তথ্য কমিশনের পক্ষ থেকে এ পর্যন্ত ৪৪টি জেলায় আইনটির প্রচার চালানো ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশন ও নাগরিক উদ্যোগসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান আইনটির প্রচারে এগিয়ে এসেছে।