হাঁটি হাঁটি পায়ে ২৮ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দনিয়া পাঠাগারে বই, পত্রপত্রিকা পড়ছেন কয়েকজন পাঠক। ছবি-প্রথম আলো
দনিয়া পাঠাগারে বই, পত্রপত্রিকা পড়ছেন কয়েকজন পাঠক। ছবি-প্রথম আলো

শুরুর দিনটি ছিল ১৯৮৯ সালের ২৮ জুলাই। ওই সময়টাতে দনিয়া এলাকায় ক্লাব ছিল বেশি। কিন্তু পাঠাগার ছিল না। সেই অভাব পূরণেই স্থাপিত হয়েছিল দনিয়া পাঠাগার। গতকাল শুক্রবার এর ২৮ বছর পূর্তি হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া বাসস্ট্যান্ড থেকে খুব কাছেই দনিয়া পাঠাগারের অবস্থান। সঠিক জায়গাটি বললে এটি ঢাকার পূর্বাঞ্চলের দনিয়া এলাকার শাহি মসজিদ রোডে। দনিয়া পাঠাগারের নিয়মিত পাঠক আছে। বইপত্র পড়া, বাসায় নেওয়া ও ফেরত দেওয়া চলে বেশ।

পাঠাগারের বর্তমান সভাপতি ও মহাকাল নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মো. শাহনওয়াজ বলেন, এলাকার ছেলেমেয়েদের সময় কাটানোর ব্যবস্থা ছিল না। এই ভেবে কয়েকজন তরুণ একটি টিনের ঘরে প্রথম এই পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেন। সেই তরুণদের মধ্যে শাহনওয়াজও ছিলেন। শুরুতে পাঠাগারে বই ছিল মাত্র ১৫০টি। আর বর্তমানে বইয়ের সংখ্যা ৮ হাজারের বেশি।

পাঠাগারটি খোলা থাকে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কার্ডভুক্ত পাঠক ৩১৩ জন। বইয়ের পাশাপাশি পড়া যায় প্রতিদিনের দৈনিক পত্রিকা। সম্প্রতি পাঠাগারের জন্য নিজস্ব জমি কেনা হয়েছে। শিগগিরই সেখানে ভবন তৈরির কাজ শুরু হবে।

শুধু পাঠাভ্যাস তৈরি নয়, সংস্কৃতিচর্চায়ও এগিয়ে আছে পাঠাগারটি। ২০০৭ সাল থেকে বর্ণ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে দনিয়া পাঠাগার। এ বছরের ফেব্রুয়ারিতে দনিয়া পাঠাগারের বর্ণ অঙ্কন প্রতিযোগিতায় ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। সামনে মিনি ম্যারাথন আয়োজনের চেষ্টা করছে পাঠাগারটি।

মূল ঢাকার তুলনায় পূর্বাঞ্চলের এই অংশটি অপেক্ষাকৃত নিচু। এলাকার কিছু সড়কে বৃষ্টি হলে তো পানি জমেই, না হলেও জমে। শীতকালেও পানি থাকে কোনো কোনো সড়কে। ফলে জনজীবনে দুর্ভোগ নিত্যসঙ্গী। এখানকার মানুষের যন্ত্রণাক্লিষ্ট জীবনে দনিয়া পাঠাগার তাই কিছুটা হলেও দম নেওয়ার জায়গা।