হাঁটুজল মাড়িয়ে শ্রেণীকক্ষে!
বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ি ইউনাইটেড উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার তিন যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। রয়েছে অবকাঠামোগত সমস্যা। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে। জলাবদ্ধতায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের, ব্যাহত হচ্ছে পাঠদান।বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের মধ্য দিয়ে বহমান বাঙ্গালী নদী। এই নদীর পশ্চিম তীরে অবস্থিত বিলচাপড়ি ইউনাইটেড উচ্চবিদ্যালয়। এলাকার শিক্ষানুরাগীদের উদ্যোগে ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৩০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বেঞ্চ নেই। শ্রেণীকক্ষ-সংকটের কারণে তাদের গাদাগাদি করে বসে পড়তে হয়। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী থাকলেও নেই বিজ্ঞানাগার ও প্রয়োজনীয় ব্যবহারিক সরঞ্জাম।বিদ্যালয়ের একাডেমিক ভবন সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই একাডেমিক ভবনের ছাদ বেয়ে পানি পড়ে। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের মাঠে কখনো মাটি ভরাট করা হয়নি। ফলে চারপাশের জমির চেয়ে বিদ্যালয়ের মাঠটি অনেক নিচু। একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে। ওই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনেকটা স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়েছে। পুরো বর্ষা মৌসুম মাঠে হাঁটুজল জমে থাকে। শিক্ষার্থীরা হাঁটুজল মাড়িয়ে শ্রেণীকক্ষে ঢোকে!নবম শ্রেণীর ছাত্র মাহাতাব হোসেন জানায়, বিদ্যালয়ের ঘরগুলো দীর্ঘদিনের পুরোনো। ছাত্রছাত্রীর সংখ্যা হিসাবে রয়েছে ক্লাসরুম ও বসার বেঞ্চের সংকট। বৃষ্টি এলেই শ্রেণীকক্ষে পানি পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ে অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। এর মধ্যে বর্তমানে মাঠের জলাবদ্ধতার সমস্যাই প্রকট হয়ে দেখা দিয়েছে।