প্রথম পালার ক্লাস শেষ। কিছুক্ষণ পর শুরু হবে দ্বিতীয় পালা। এই ফাঁকে বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে গল্পগুজব করছে শিক্ষার্থীরা। মাঠে নেমে খেলার উপায় নেই। কারণ, তাদের বদলে সেখানে খেলা করছে হাঁসের দল।
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এখন হাঁটুপানি। সেখানে খেলাধুলা করা তো দূরের কথা, প্রতিদিন পানি ও কাদা ডিঙিয়ে শিক্ষার্থী-শিক্ষকদের বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে।
গত শনিবার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দ্বিতীয় পালার শিক্ষার্থীরা হাঁটুপানি আর কাদা মাড়িয়ে বিদ্যালয়ে ঢুকছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ফাইজা ও তমা বলে, কিছুক্ষণ আগে মুষলধারায় বৃষ্টি হওয়ায় পানি আরও বেড়েছে। মাঠে পানি জমে থাকায় তাদের সাবধানে আসতে হয়। পানিতে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। আর কেউ যদি কাদায় পিছলে পড়ে যায় তাহলে কাপড়সহ বই-খাতাও নষ্ট হয়ে যায়।
তৃতীয় শ্রেণির জান্নাতুল বলে, ‘মাড অ পানি জইম্মা থাহনে আমরা জুতা পাও দিয়া ইস্কুলে আইতাম পারি না। খেলতাম পারি না। খালি পায়ে পানি ভাইঙ্গা ইস্কুলে আওনে আমরার পাওয়ের মধ্যে চুলকানি অইতাছে।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় এই এলাকায় জনবসতি কম ছিল। বৃষ্টির পানি ফসলি জমির পাশ দিয়ে বিদ্যালয়ের পেছন দিক দিয়ে নরসুন্দা নদীতে গিয়ে পড়ত। এখন বিদ্যালয়ের তিনদিকে জনবসতি গড়ে উঠেছে। বিদ্যালয়ের পশ্চিম দিকে যাতায়াতের পাকা সড়ক। ফলে বৃষ্টির পানি এসে বিদ্যালয়ের মাঠে জমে। রোদে না শুকানো পর্যন্ত পানি মাঠেই জমে থাকে।
দুজন শিক্ষক বলেন, বিদ্যালয়ে ১৭৯ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এবারও প্রায় দেড় মাস হতে যাচ্ছে পানিভর্তি মাঠ। তাঁরাও (শিক্ষকেরা) শিক্ষার্থীদের মতো একই ভোগান্তিতে পড়েন।
প্রধান শিক্ষক লতিফা বেগম বলেন, গত বছর নান্দাইলের সাংসদ আনোয়ারুল আবেদিন খান বিদ্যালয়টির দুরবস্থার চিত্র দেখে গেছেন। কিছুদিন পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিএও) আনারকলী নাজনীনও আসেন। ইউপিএওকে এ সমস্যা সমাধানের জন্য অনুরোধ করা হলে তিনি তাঁকে (প্রধান শিক্ষককে) নিজ উদ্যোগে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা দূর করার জন্য তিনি এলাকার ওয়ার্ড কাউন্সিলরকেও অনুরোধ করেছেন। কিন্তু কয়েক বছর ধরে এ অবস্থা চললেও কেউ এগিয়ে আসেনি।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হান্নান বলেন, পানিনিষ্কাশনের জন্য একটি নালা নির্মাণ করে দেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিএও) আনারকলী নাজনীন বলেন, বিষয়টি তাঁর দেখার কথা নয়। বিদ্যালয় পরিদর্শনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে এ বিষয়ে কিছু জানাননি। তবে এ বিদ্যালয়টি পরিদর্শন করার কথা তিনি মনে করতে পারেননি।