
রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটে হাঁটুপানিতে দাঁড়িয়ে ঈদের কেনাকাটা করছিলেন মহাখালীর বাসিন্দা অদিতি রেজা। মুখে রাজ্যের বিরক্তি। বললেন, ‘বৃষ্টিতে এই মার্কেট ডুবে যায় জানলে আসতামই না। একটা মার্কেটে এভাবে হাঁটুপানি হয় নাকি? কাপড়চোপড় ভিজে শেষ।’
গতকাল বুধবার বেলা দেড়টার দিকে ওই বিপণিবিতানে কথা হয় অদিতি রেজার সঙ্গে। তিনি আরও বলেন, তাঁরা ঢাকায় ঈদ করেন। তাই গতকাল ভিড় কম হবে ভেবে বৃষ্টিতেই এসেছেন ঈদের বাজার করতে। এসেই দেখেন মার্কেটে পানি থইথই করছে।
ছুটির দিনে গতকাল কেনাকাটা করতে বের হওয়া লোকজনকে বৃষ্টির জন্য পড়তে হয়েছে নানা দুর্ভোগে। কাউকে বৃষ্টিতে ভিজতে হয়েছে, কাউকে পানি ভেঙে বিপণিবিতানে যেতে হয়েছে। আবার কাউকে কাউকে বিপণিবিতানেও পানি ভেঙে কেনাকাটা করতে হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত নিউমার্কেট-গাউছিয়া-চাঁদনীচক-ধানমন্ডি হকার্স মার্কেটসহ আশপাশের এলাকায় যাঁরা ঈদের বাজার করতে গেছেন, তাঁদের নোংরা হাঁটুপানি ভাঙতে হয়েছে।
বেলা ১১টার দিকে ধানমন্ডি হকার্স মার্কেটে গিয়ে দেখা গেল, হাঁটুপানি। ক্রেতাদের বসার জন্য রাখা টুলে মালামাল রেখেছেন দোকানিরা। পানি থেকে রক্ষার জন্যই এ ব্যবস্থা। ক্রেতারা হাঁটুপানিতে দাঁড়িয়েই কাপড় দেখছেন, দরদাম করছেন, কিনছেন। উত্তরা থেকে আসা সোহানা ইসলাম দুপুর ১২টার দিকে বলেন, ২৭ রমজান থেকে বিপণিবিতানে ভিড় কমবে—এই আশাতেই এত দিন কেনাকাটা করেননি। গতকাল এসে ভিড় কম দেখলেও জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েছেন। কিন্তু কিছু করার নেই। এই হাঁটুপানিতেই কেনাকাটা সারতে হচ্ছে। বললেন, ‘নোংরা পানিতে পা চুলকাচ্ছে।’
এই বিপণিবিতানে শাড়ি সেন্টার নামের দোকানের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘এটা নতুন কিছু নয়। বৃষ্টি হলেই এই মার্কেট ডোবে। আমাদের দোকান গুটিয়ে বসে থাকতে হয়। ক্রেতারা আসতে চায় না। সমস্যাটার কেউ সমাধানও করে না। খালি আমাদের লোকসান হয়।’
সকাল থেকে এই বিপণিবিতানে অনেকেই কেনাকাটা সারেন পানিতে ভিজে। দোকানিরা জানান, জলাবদ্ধতার কারণে বেশির ভাগ ক্রেতাই ফিরে গেছেন কেনাকাটা না করে।
হকার্স মার্কেটের সামনের সড়কেও ছিল জলাবদ্ধতা। নিউমার্কেট, গাউছিয়া ও চাঁদনীচক মার্কেটেও পানি জমে ছিল। এর মধ্যেই চলেছে ঈদের কেনাকাটা। তবে ক্রেতার সংখ্যা ছিল তুলনামূলক কম। বিক্রেতাদের ভাষায়, ‘টানা বৃষ্টির কারণে অনেকে বাসা থেকে বের হতে পারেননি। তাই প্রত্যাশার তুলনায় ক্রেতা কম।’
বেলা একটার দিকে নিউমার্কেটের ১ নম্বর ফটক দিয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল, অনেক ক্রেতা বৃষ্টি থেকে বাঁচতে ছাদের নিচে দাঁড়িয়ে আছেন। দোকানগুলোতেও নেই তেমন ভিড়।
নিউমার্কেটের ১ নম্বর ফটকের সামনের সড়ক ও মার্কেটের ভেতরে বেশ কিছুটা জায়গায় পানি জমে আছে। এর জন্য ভোগান্তি পোহাতে হয়েছে লোকজনকে।
নিউমার্কেটের দোকানিরা জানান, বৃষ্টি হলেই এই সড়কে পানি জমে। বৃষ্টি বেশি হলে মার্কেটেও পানি ঢোকে। তখন ক্রেতারা ১ নম্বর ফটক দিয়ে ঢুকতে পারেন না। বেচাকেনায় ভাটা পড়ে।
মহাখালী থেকে কেনাকাটা সারতে নিউমার্কেটে এসেছিলেন নাজমুন নাহার। তিনি বলেন, ‘বাসে করে এসেছি। এসে দেখি মার্কেটে পানি উঠেছে। আর প্রচণ্ড বৃষ্টি। তাই দাঁড়িয়ে আছি। বৃষ্টি কমলে কেনাকাটা করব।’ পানি ওঠার কারণে গতকাল সব কেনাকাটা করতে পারবেন না, তাই বৃহস্পতিবারও আসতে হবে বলে জানান।
নিউমার্কেটের লিলি স্টোরের মালিক মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, ‘এই ঈদে দোকানে যে ভিড় হইতো তা সামাল দেওয়ার কথা না। কিন্তু দেখেন বেচাকেনা নাই। বৃষ্টির লাইগা মানুষ বাড়ি থেকে বাইর হয় নাই।’ তিনি খাতা খুলে দেখান—গতকাল দুপুর পর্যন্ত তাঁর ১২০০ টাকা বিক্রি হয়েছে। অন্য সময় এটা ২০ হাজার ছাড়িয়ে যায়।
নিউমার্কেটের বাইরে ফুটপাতের অসংখ্য দোকান বৃষ্টির কারণে খুলতেই পারেননি বিক্রেতারা। ত্রিপল দিয়ে সব পসরা ঢাকা। পাশেই দোকানদারেরা বসে অলস সময় কাটাচ্ছেন। বেলা সাড়ে ১২টার দিকে এক বিক্রেতা মুরাদ মিয়া বলেন, ‘অখনও বনি করি নাই, বেচাকেনা নাই। দোকান যেই খুললাম বৃষ্টি শুরু হইলো।’
একই রকম জলাবদ্ধতা তৈরি হয়েছে পাশের গাউছিয়া মার্কেটের কিছু অংশেও। দীর্ঘ সময় ধরে পানি থাকায় এই মার্কেটের উত্তর দিকে রাস্তার পাশের দোকানিরা দোকান খুলতে পারেননি। ময়লা পানি মাড়িয়ে চলাচল করতে হয়েছে মানুষকে।
গাউছিয়া মার্কেটের সামনে কথা হয় ধানমন্ডির বাসিন্দা আইনুন আসাদের সঙ্গে। তিনি বলেন, ঈদের কেনাকাটা অনেকটাই করেছেন। তবে গয়নাসহ আনুষঙ্গিক কিছু জিনিস কেনা বাকি। বৃহস্পতিবারই যাবেন গ্রামের বাড়ি রংপুরে। তাই বাধ্য হয়েই কেনাকাটা করছেন নোংরা পানিতে হেঁটে হেঁটে। তিনি বলেন, ‘এমনিতে নোংরা পানি এড়িয়ে চলি। এখন বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে।’
চাঁদনীচক মার্কেটের সামনেও দেখা গেল, মানুষের ভিড় কম। অনেকে দোকানের সামনে পানিতে দাঁড়িয়ে কেনাকাটা সারছেন। আজিমপুরের বাসিন্দা মলি বেগম জানান, ‘দুই ঘণ্টা ভিজে আর পানিতে হেঁটে কেনাকাটা সারলাম। আরও অনেক কিছু কেনার ছিল। কিন্তু যা অবস্থা মনে হয় জ্বর আসবে। তাই বাসায় চলে যাচ্ছি।’