
‘৪৫ বছর ধরে এই এলাকায় থাকি। একটু বৃষ্টি হলেই হাঁটুপানি হয়ে যায়। আবার বৃষ্টি থামলেও সেই পানি যেতে যেতে চার-পাঁচ ঘণ্টা লেগে যায়।’
পুরান ঢাকার ফরিদাবাদের হরিচরণ রায় রোডে ভাতিজার দোকানে বসে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কথাগুলো বলেন মোতালেব ব্যাপারী। নিজের কথা বিশ্বাস না হলে পাশের বাহাদুরপুর লেনে গিয়ে দেখতে অনুরোধ জানালেন তিনি। সঙ্গে বললেন, ওয়াসার পানিতে দুর্গন্ধ, বাচ্চাদের খেলার মাঠ নেই, সারাক্ষণ লেগে থাকে যানজট।
মোতালেব ব্যাপারীর কথার সূত্র ধরে পাশের বাহাদুরপুর লেন ধরে হাঁটতে গিয়ে দেখা গেল, চাপা গলির এক পাশে নালা (ড্রেন) আছে। তবে মাত্র এক ফুট প্রশস্তের সেই নালা ময়লা-আবর্জনায় ভরে আছে। গলি ধরে হাঁটতে গিয়ে পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টারের দেখা মিলল। খেলার মাঠ দখল করে তিনতলা সেন্টারটির কাঠামো নির্মিত হলেও পুরো কাজ শেষ হয়নি। এমনকি ঠিকাদার এটি সিটি করপোরেশনকেও বুঝিয়ে দেননি। আট বছর ধরে এভাবেই পড়ে আছে। পণ্যের গুদাম হিসেবে ব্যবহার করছেন এলাকার প্রভাবশালীরা। মুজিব নামে একজন তত্ত্বাবধায়ক থাকলেও তাঁকে পাওয়া গেল না।
সেখানেই কথা হয় মাহবুব ইসলামের সঙ্গে। বললেন, নির্মাণকাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে বিয়েশাদিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের জন্য অন্য এলাকায় যেতে হয়। তবে কোনো সুযোগ-সুবিধা না থাকলেও গরিব লোকজন বাধ্য হয়েই এখানে অনুষ্ঠান করেন।
অন্যদিকে জলাবদ্ধতা নিয়ে জানতে চাইলে মাহবুব বললেন, বৃষ্টি হলেই রাস্তায় কয়েক ফুট পানি জমে যায়। তা ছাড়া যেদিন বৃষ্টি হয়, সেদিন থেকে দু-তিন দিন আর ওয়াসার পানি খাওয়া যায় না। দীর্ঘদিন ওয়াসা পানি ও সুয়ারেজের পাইপ সংস্কার না করায় এমন সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
গেন্ডারিয়ার ডিআইটি প্লট এলাকায় গিয়ে দেখা গেল, সেখানকার পুকুরপাড়ের সড়কের এক পাশে নালার পানি উপচে পড়ছে। বাসিন্দারা নালার ওপর কাঠের পাটাতন বিছিয়ে আসা-যাওয়ার ব্যবস্থা করে নিয়েছেন। আবার রাজউকের ওই পুকুরটি একসময় মানুষ গোসল ও রান্নার কাজে ব্যবহার করলেও এখন দখলের কারণে পানি নষ্ট হয়ে গেছে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৪৭ নম্বর ওয়ার্ডে গিয়ে গতকাল এসব সমস্যার খোঁজ পাওয়া যায়। ফরিদাবাদ লেন, হরিচরণ রায় রোড, বাহাদুরপুর লেন, লালমোহন পোদ্দার লেন, নবীনচন্দ্র গোস্বামী রোড, পোস্তগোলা ঢাকা কটন মিলস, গেন্ডারিয়া রাজউক প্লট ১ ও ২, ঢালকানগর লেন, বাংলাদেশ ব্যাংক কলোনি নিয়ে এই ওয়ার্ড। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বছর বছর সড়ক উঁচু করা হলেও পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফলে সড়কের চেয়ে অনেক বাড়িঘর নিচু হয়ে গেছে। আর এতে বৃষ্টির পর জলাবদ্ধতা হলেই পানি ঢুকে যায় এসব বাড়িঘরে।
এ ছাড়া বুড়িগঙ্গা নদীর পাড় ঘেঁষে শহর রক্ষা বাঁধের সড়কটি দখল করে চলাচলের অনুপযোগী করে ফেলেছেন বেশ কয়েকজন সমিল ব্যবসায়ী। সড়কের ওপর গাছ ফেলে ও যততত্র ট্রাক রেখে দিয়েছেন কেউ কেউ। আর এ সুযোগে সন্ধ্যার পর চুরি-ছিনতাই ও মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাইয়ের দেখা মিলল না। ফলে এটি হয়ে গেছে মাটির সড়ক। অনেক জায়াগাতেই আবার কয়েক ফুট গর্ত পাওয়া গেল। অবশ্য সড়কের পোস্তগোলা শ্মশানঘাটের কাছাকাছি একটি পুলিশ ফাঁড়িও আছে। সড়কের পাশেই একটি কারখানায় কাজ করেন কাঠমিস্ত্রি সিরাজ শেখ। বললেন, ‘সন্ধ্যার পর এই এলাকায় গেলেই ছিনতাইয়ের শিকার হতে হবে।’
৪৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী যাঁরা
আওয়ামী লীগ-সমর্থিত নাসির আহম্মদ ভূঁইয়া, বিএনপি-সমর্থিত কাজী মাহাবুব মওলা হিমেল, জাতীয় পার্টি-সমর্থিত ফারুক হোসেন ও
স্বতন্ত্র প্রার্থী সরোয়ার ব্যাপারী