হাঁস প্রজনন খামার বন্ধ, অলস পড়ে আছে ৪০ কোটি টাকার স্থাপনা
বরিশাল আঞ্চলিক হাঁস প্রজননকেন্দ্র দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের ৩০০ খামার-মালিক। রক্ষণাবেক্ষণের অভাবে এ কেন্দ্রের ৪০ কোটি টাকার স্থাপনা ও যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে বেতন বন্ধ থাকায় এ কেন্দ্রের ১৮ জন কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন।হাঁস প্রজননকেন্দ্র সূত্রে জানা গেছে, ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে বরিশাল নগর থেকে আট কিলোমিটার দূরে গরিয়ার পাড় এলাকায় চার একর জমির ওপর ‘আঞ্চলিক হাঁস প্রজনন খামার’ নামে এ কেন্দ্রটি গড়ে তোলা হয়। বাচ্চা ফোটানো থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সব ব্যবস্থাই ছিল এখানে। প্রতি মাসে গড়ে ২৪ হাজার বাচ্চা ফোটানো হতো এখানে।খামারে বাচ্চা ফোটানোর তিনটি ইনকিউবেটর (ডিমে তা দেওয়ার যন্ত্র), তিনটি হ্যাচারি, একটি দোতলা ব্রুডার শেড, দুটি গ্রোয়ার শেড, ছয়টি লেয়ার শেড, দোতলা প্রশাসনিক ভবন, কর্মচারীদের জন্য আবাসন, প্রশিক্ষণকেন্দ্র, বেশ কয়েকটি শীতাতপ যন্ত্র, জেনারেটর, গাড়িসহ বিভিন্ন যন্ত্রপাতি ছিল। খামারটি বন্ধ থাকায় বাচ্চা ফোটানো তিনটি ইনকিউবেটর, জেনারেটর, গাড়িসহ বিভিন্ন যন্ত্রপাতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০৯ সালের জুলাই মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর হাঁসের খাবারের টাকা বরাদ্দ বন্ধ হয়ে যায়। একই সময় খামারে কর্মরত ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন বলেন, বিএনপি সরকারের সময় এই খামার চালু হওয়ায় বর্তমান সরকারের কোনো আগ্রহ নেই। আমলাতান্ত্রিক জটিলতার কারণে একটি লাভজনক প্রতিষ্ঠান এই অবস্থায় পড়ে আছে। কোনো বরাদ্দ না থাকায় হাঁসের বাচ্চা ফোটানো যাচ্ছে না। খামারের পোলট্রি টেকনিশিয়ান মো. রফিকুল ইসলাম বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর ২০০৯ সালের ডিসেম্বর মাসে প্রকল্পটি রাজস্ব খাতে নেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার জন্য উচ্চ আদালতে মামলা করা হয়। আদালত দীর্ঘ দুই বছর শুনানি শেষে জানুয়ারি মাসে প্রকল্পটি রাজস্ব খাতে নিয়ে কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেন। ওই আদেশ চ্যালেঞ্জ করে সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। এসব কারণে একদিকে যেমন কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন, অন্যদিকে বরিশাল অঞ্চলের প্রায় ৩০০ হাঁস খামারি বিপাকে পড়েছেন। সুলভমূল্যে হাঁস না পাওয়ায় অনেকে খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।খামার এলাকায় ময়লা-আবর্জনা পড়ে থাকার কারণ জানতে চাইলে নিরাপত্তাপ্রহরী সাহাদাৎ হোসেন বলেন, ‘অফিসার নাই, কাজকর্ম না থাকলে যা হয়। বরাদ্দ না থাকায় হ্যাচারি ও ইনকিউবেটর অকেজো অবস্থায় পড়ে রয়েছে।’এদিকে হাঁস প্রজননকেন্দ্র বন্ধ হওয়ায় এর প্রভাব পড়ে দক্ষিণাঞ্চলের হাঁস খামারিদের ওপর। বাচ্চা সরবরাহ বন্ধ থাকায় ওই সব খামারি বেশি টাকা দিয়ে খুলনা, ঢাকা ও ময়মনসিংহ থেকে বাচ্চা এনে খামার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বাকেরগঞ্জ উপজেলার হাঁস খামারি মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বরিশালের হাঁস প্রজননকেন্দ্র থেকে হাঁস আনলে খরচ অনেক কম পড়ত এবং দেখে-শুনে আনতে পারতাম। এখন ময়মনসিংহ ও খুলনা থেকে বেশি দামে এনে খামার চালানো যাচ্ছে না। আমি আমার খামারের হাঁস বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’হাঁস খামারি মো. কুদ্দুস হাওলাদার বলেন, ‘বরিশালের হাঁস প্রজনন খামার বন্ধ হওয়ায় ১২ টাকার বাচ্চা আনতে খরচসহ ৫০ টাকা লাগে। তাই এখন আর খামার চালানো যাচ্ছে না। আমি আমার হাঁস বিক্রি করে দিয়ে খামার বন্ধ করে দেব।’এ ব্যাপারে বরিশাল দুগ্ধ খামারের সহকারী পরিচালক ও হাঁস প্রজননকেন্দ্রের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমরেশ কুমার প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর গত দুই বছর কোনো বরাদ্দ না আসায় লাভজনক হলেও দক্ষিণাঞ্চলের একমাত্র হাঁস প্রজননকেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছে না। এটি চালু করার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।