হাঁস-মুরগির খামারের বেহাল দশা
এক যুগের বেশি সময় ধরে ভবনগুলোতে সংস্কার নেই। রয়েছে জনবলের তীব্র সংকট। এই দুই কারণে রাজবাড়ী সরকারি হাঁস-মুরগি খামারের এখন অবস্থা বেহাল।
জানতে চাইলে খামার ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্বে থাকা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল্লাহ্ মো. আহসান প্রথম আলোকে বলেন, ‘আমি ১ বছর ৩ মাস এ দায়িত্বে রয়েছি। খামারের ভবনগুলো সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অবহিত করেছি। আর খামারের যেসব কর্মকর্তা-কর্মচারীর প্রেষণে অন্যত্র কর্মরত আছেন, তাঁদের প্রেষণ আদেশ বাতিল করার জন্য আবেদন করা হয়েছে। আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে।’
শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক ঘেঁষে তিন একর জমির ওপর প্রতিষ্ঠিত রাজবাড়ী হাঁস-মুরগির খামার। আশপাশের এলাকার মানুষের ডিম ও মাংসের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৮২ সালে সরকারিভাবে খামারটি স্থাপিত হয়। এখানে মুরগির বাচ্চা পালনের জন্য রয়েছে চারটি শেড। এ ছাড়া প্রশাসনিক ভবন, ব্যবস্থাপকের বাসভবন, অতিথিকক্ষ, বিক্রয়কেন্দ্র, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন আছে।
৮ মার্চ সরেজমিনে দেখা যায়, চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা খামারের মূল ফটক দিয়ে ঢুকলেই বাঁ দিকে প্রশাসনিক ভবন ও ডান দিকে বিক্রয়কেন্দ্র। ভেতরে এক তলা ও টিনশেডের মোট ১৩টি স্থাপনা রয়েছে। খামারের প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। পানির ট্যাংকের খুঁটিগুলোর বিভিন্ন স্থানে ফাটল ধরায় সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। ব্যবস্থাপকের বাসভবন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবন এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাচ্চা পালনের চারটি শেডের মধ্যে দুটি পরিত্যক্ত। দুটি শেড, প্রশাসনিক ভবন ও বিক্রয়কেন্দ্র বাদে সব কটি ভবনই এমন জীর্ণশীর্ণ। এক যুগের বেশি সময় ধরে এসব ভবন সংস্কারের মুখ দেখেনি।
খামারের কারিগরি বিষয় দেখভালের দায়িত্বে থাকা পোলট্রি টেকনিশিয়ানরবিউল ইসলাম বলেন, খামার প্রতিষ্ঠার সময় চারটি শেড নির্মিত হয়। মুরগির বাচ্চা প্রতিপালনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল বছরে ২০ হাজার। কিন্তু দুটি শেড দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এখন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না।
জনবলসংকট প্রকট
খামারের ব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা যায়, খামারের জন্য বরাদ্দ করা জনবলের সংখ্যা মোট ১৪। এর মধ্যে দুটি পদ প্রথম শ্রেণির। বর্তমানে খামারে কর্মরত আছেন ছয়জন। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খামারের ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্বে আছেন। ছয়জন প্রেষণে নিজেদের সুবিধামতো স্থানে কর্মরত আছেন। অফিস সহকারী ও এমএলএসএস পদ দুটি দীর্ঘদিন ধরে শূন্য। প্রয়োজনীয় জনবলের অভাবে খামারের কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। এমনকি নামে হাঁস-মুরগির খামার হলেও আজ পর্যন্ত এখানে হাঁস পালনের কোনো কার্যক্রম শুরুই করা হয়নি।
খামারের পাশের চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা শামীম আহমেদ বলেন, ঠিকমতো খামারটি চালু থাকলে এলাকার লোকজন কম দামে মুরগি ও ডিম পেত। পাশাপাশি বেকার যুবকেরা এখান থেকে মুরগির বাচ্চা নিয়ে পালন করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারত। কিন্তু খামারটি এখন তাঁদের তেমন কোনো কাজেই আসছে না।
স্থানীয় ৮-১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এ খামারে বাজারের তুলনায় অনেক কম দামে মুরগির বাচ্চা পাওয়া যায়। ফলে সাধারণ মানুষ তা কিনতে খুব আগ্রহী। কিন্তু মুরগির বাচ্চা পাওয়া যায় কালেভদ্রে। আবার কর্মকর্তাদের সঙ্গে যাদের সখ্য আছে, তাদের কাছেই অধিকাংশ বাচ্চা বিক্রি করা হয়।
তবে খামার উন্নয়ন কর্মকর্তা (পিডিও) শাহাদাৎ হোসেন বলেন, ‘কোনো অনিয়মের সুযোগ নেই। আমরা নিয়মতান্ত্রিকভাবে মুরগির বাচ্চা বিক্রি করি।’