হাঁস-মুরগির নকল ওষুধ কারখানার সন্ধান
জয়পুরহাটের আক্কেলপুরে হাঁস-মুরগির নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পৌর সদরের আমুট্ট মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ওই কারখানার সন্ধান পায়। এ সময় মেহেদি হাসান ওরফে কেমিস্ট হাসানকে (৩২) গ্রেপ্তার করা হয় এবং তাঁর ঘর থেকে দুই শতাধিক খালি প্লাস্টিকের বোতল, একটি কোম্পানির লেবেল ও ওষুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। জানা গেছে, মেহেদি হাসান একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে জয়পুরহাট জেলার দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার পুকুরিয়া গ্রামে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।একই দিন সন্ধ্যায় জেলার ক্ষেতলাল উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ২৫ হাজার ২০০ ভারতীয় নিম্নমানের বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসব ওষুধের বাজারদর ৫০ হাজার টাকা। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। পুলিশ ও আক্কেলপুরের স্থানীয় সূত্রগুলো জানায়, গ্রেপ্তার হওয়া মেহেদি হাসান তিন মাস আগে পৌর সদরের আমুট্ট মহল্লার মান্নান সাধুর বাড়ি ভাড়া নেন। তিনি সব সময় বাড়িতে থাকতেন না। যেদিন বাড়িতে আসতেন গভীর রাত পর্যন্ত কাজ করতেন। ওষুধ কোম্পানিতে চাকরি করার কারণে বাড়ির মালিক তাঁকে সন্দেহ করেননি।থানায় মেহেদি হাসান নকল ওষুধ তৈরির কথা অস্বীকার করে সাংবাদিকদের জানান, তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন। কোম্পানির কাছ থেকে লেবেল ও খালি বোতলগুলো কিনেছেন। বাড়ি থেকে উদ্ধার করা ওষুধ তৈরির উপকরণগুলো কার—এ প্রশ্নের জবাবে তিনি জানান, এগুলোর কথা তিনি জানেন না। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, মেহেদি হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তিনি দীর্ঘদিন নকল ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। ক্ষেতলাল থানার পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তালশন গ্রামের জামাল উদ্দিন (২৬), দাশড়া গ্রামের তাইফুল ইসলাম (২৭) ও জয়পুরহাটের কালাইয়ের দাউদিয়া গ্রামের আবদুল জোব্বার (২৮) সিএনজিচালিত একটি অটোরিকশায় চড়ে বগুড়া যাচ্ছিলেন। এ সময় তল্লাশি চালিয়ে পুলিশ অটোরিকশাটি থেকে নিম্নমানের বড়িসহ তাঁদের আটক করে। জব্দ করা বড়ির মধ্যে ডেমাস আট হাজার পিস, ফেনিলবটাজুন আট হাজার, সিট্রিজাইম সাত হাজার ৮০০ ও এক হাজার ৪০০ পিস নিমোসলিড বড়ি রয়েছে। ক্ষেতলাল থানার এসআই জিল্লুর রহমান ও এএসআই মেহেদি জানান, ওষুধগুলো কী ধরনের তা ডাক্তার দিয়ে পরীক্ষা করা দরকার। তবে মনে হচ্ছে, নিম্নমানের এ ওষুধগুলো অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা হচ্ছিল।