হাঁসের খামারে স্বাবলম্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার নিকড়া গ্রামে রুনু বেগম ও সকুলুদ্দিন ব্যাপারী দম্পতির হাঁসের খামার। সম্প্রতি ছবিটি তুলেছেন মনিরুল আলম
ঢাকার দোহার উপজেলার নিকড়া গ্রামে রুনু বেগম ও সকুলুদ্দিন ব্যাপারী দম্পতির হাঁসের খামার। সম্প্রতি ছবিটি তুলেছেন মনিরুল আলম

‘হাঁস বদলে দিয়েছে আমগো জীবন। এগো জন্য আজ আমরা সুখী। বছরে অনেক ডিম ও হাঁস বিক্রি করছি। আমগো পরিবারে আইছে সচ্ছলতা।’ বলছিলেন হাঁসের সফল খামারি রুনু বেগম (৩৫)।
ঢাকার দোহার উপজেলার নিকড়া গ্রামের রুনু বেগম ও তাঁর স্বামী সকুলুদ্দিন ব্যাপারী হাঁসের খামার করেছেন। এ খামারে এখন ১২০০-এর বেশি হাঁস রয়েছে। বছরে আয় হয় দেড় থেকে দুই লাখ টাকা। তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ ও পাঁচজনের সংসার চালিয়েও বেশ সঞ্চয় করতে পারছেন তাঁরা। অথচ এই সাফল্যের গল্পের শুরুটা ১১০০ টাকা দিয়ে।
৭ বছর আগের কথা। ৬০০ টাকা দিয়ে ৩০টি হাঁসের ছানা কেনেন সকুলুদ্দিন। ৫০০ টাকায় তৈরি করা হলো হাঁসের ঘর। লালন-পালনে খরচ হয় সামান্যই। সেই হাঁস আট মাস পরে বাজারে বিক্রি করে পান প্রায় ৬ হাজার টাকা। তার আগে হাঁসগুলো যে ডিম দেয়, তা পুরো পরিবারের পুষ্টির চাহিদা মেটায়। সেই শুরু। এরপর শুধু সামনে এগিয়ে চলা। ধীরে ধীরে বেড়েছে খামারের পরিধি।
রুনু বেগম বলেন, ‘আজ আমাদের বাড়ি খামারে পরিণত হয়েছে। প্রতিবছর বৈশাখ মাসের শেষের দিকে ঢাকার নিমতলী বাজার থেকে প্রতিটি ২৫-৩০ টাকা দরে তিন দিন বয়সের ১০০০-১২০০ হাঁসের ছানা কিনে নিয়ে আসি। মাঘ মাসে পরিণত বয়স হলে বিক্রি শুরু করি। প্রতি জোড়া পাইকারি ৫০০-৬০০ টাকায় বিক্রি হয়।’ রুনু বেগম জানালেন, ছয় মাসের মধ্যে হাঁস ডিম দেওয়া শুরু করে। খামার থেকে প্রতিদিন ৫০০-৬০০ ডিম পাওয়া যায়; যার বাজারমূল্য অন্তত সাড়ে চার হাজার টাকা।
খামারি দম্পতির পাঁচ সদস্যের সংসার। বড় ছেলে মাহবুবউদ্দিন জয়পাড়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। ছোট ছেলে মাহফুজউদ্দিন পড়ে কাটাখালী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে। একমাত্র মেয়ে সোনিয়া আক্তারের বিয়ে হলেও বাবার বাড়িতেই থাকেন বেশির ভাগ সময়।
সকুলুদ্দিন জানালেন, তাঁর ৭০ শতক জমি। ১৫ শতক নিয়ে বসত বাড়ি ও খামার। বাকি ৬০ শতক জায়গায় ফসল ফলিয়ে খুব কষ্টে সংসার চালাতে হতো। তখন বুদ্ধি করে হাঁসের খামার করি। সেই খামার দিয়ে এখন ছেলেমেয়েদের পড়ালেখা, সংসারের খরচ সবই চালিয়ে নিচ্ছি।’
১৬ আগস্ট বিকেলে নিকড়া গ্রামে সকুলুদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী রুনু বেগম বাড়ির পেছনে জলাশয়ের পাশে হাতে খাবারের পাতিল নিয়ে দাঁড়িয়ে আছেন। একটু পরেই ছোট ছেলে মাহফুজকে সঙ্গে নিয়ে নৌকায় চড়ে নেমে পড়লেন জলাশয়ে। মাঝ বরাবর গিয়ে হাঁসগুলোকে খাবার দেওয়া শুরু করেন। মুহূর্তেই শুরু হয় খাবার খেতে শত শত হাঁসের প্রতিযোগিতা। তাদের ডানার ঝাঁপটানোর প্রচণ্ড শব্দে টেকা দায়।
তীরে এসে রুনু বেগম জানালেন, ভোরবেলা খামারের দরজা খুললে হাঁসের ডানা ঝাঁপটানোর শব্দে কানে আঙুল দিয়ে থাকতে হয়। পুরো বাড়িতে হইচই পড়ে যায়। এ দৃশ্য দেখাও ভাগ্যের ব্যাপার। সকুলুদ্দিন বলেন, ১২০০ হাঁসের বাচ্চা কিনতে খরচ হয় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। এরপর প্রতিদিন তাঁর খামারে তিন মণ ধান, গম বা ভুট্টা লাগে। এর বাইরে ওষুধপত্রের খরচ আছে। ওষুধপত্র ও খাবার বাবদ প্রতিদিন ২ হাজার টাকার মতো খরচ হয়। পরিণত বয়সে এক জোড়া হাঁস পাইকারি ৫০০-৬০০ টাকায় বিক্রি হয়। সব খরচ বাদ দিয়েও বছরে দেড় লাখ থেকে দুই লাখ টাকা থাকে।
দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নিকড়া গ্রামের খামারি সকুলুদ্দিন ব্যাপারী প্রায়ই তাঁর কার্যালয়ে গিয়ে হাঁস লালনসংক্রান্ত পরামর্শ নিয়ে থাকেন। হাঁসের খামার করে সকুলুদ্দিন আজ স্বাবলম্বী হয়েছেন। দোহারের ইউএনও কে এম আল আমীন বলেন, খামারি সকুলুদ্দিন সফলতার একটি দৃষ্টান্ত। তাঁর মতো অন্যদেরও এ ধরনের খামার করতে এগিয়ে আসা উচিত। প্রয়োজনে তাঁদের ঋণ ও অন্যান্য সহযোগিতা দিতে সরকারের সাতটি দপ্তর প্রস্তুত।