হাঁসের ঝাঁক ঢেকে দেয় জলাশয়ের জল
নীলফামারীর তিস্তা সেচ প্রকল্পের বিস্তীর্ণ সেচ খালের পাশ দিয়ে যাওয়া পাকা সড়ক দিয়ে গেলে চোখ আটকে যায় ঝাঁক ঝাঁক পাতিহাঁসের দলে। সেচ খালের পানিতে এসব হাঁস পালন করছেন খালসংলগ্ন এলাকার বাসিন্দারা।
সেচ খালের পরিদর্শন সড়ক দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা থেকে জলঢাকা যাওয়ার পথে গতকাল শুক্রবার সকালে উত্তর বড়ভিটা এলাকায় দেখা যায় পাতিহাঁসের ঝাঁকে ঢেকে গেছে জলাশয়ের জল। এলাকাবাসী জানালেন, এগুলোর অধিকাংশই খলিল ডাক্তারের হাঁস। দু-তিন বছর ধরে তিনি হাঁসগুলো পালন করছেন। তাঁর দেখাদেখি অন্যরাও এখন কিছু কিছু হাঁস পালন করছেন।
গ্রামের জবেদ আলী (৩০) বলেন, খলিলুর রহমান হাসপাতালে চাকরি করেন। তাই গ্রামের সবাই তাঁকে খলিল ডাক্তার বলে চেনে। এ পথে যে-ই যায়, হাঁসের পাল দেখে একবার হলেও দাঁড়ায়। অনেকে বাচ্চাদের নিয়ে আসেন হাঁসের ঝাঁক দেখাতে।
উত্তর বড়ভিটা গ্রামে খলিলুর রহমানের (৫৫) বাড়িতে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘প্রথমে শখেরবশে পাঁচ শ হাঁস পালন করেই এক বছরে তিন লাখ টাকা লাভ হয়। তার পরপরই বাণিজ্যিকভাবে হাঁস পালন শুরু করি। বর্তমানে আমার খামারে এক হাজার ছয় শ হাঁস আছে।’ তিনি আরও বলেন, ‘আমাকে দেখে গ্রামের অনেকে হাঁস পালনে এগিয়ে আসছেন। আবার অনেকে পরামর্শের জন্যও আসেন।’
বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের রণজিৎ কুমার রায় (৫০) বলেন, ‘খলিলুর রহমানের পরামর্শে শখেরবশে আমি নিজে তিন শ হাঁসের বাচ্চা পালন করছি।’