হাইওয়ে পুলিশ কেবল নামেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরাপদ সড়ক আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে হাইওয়ে পুলিশের পাঁচ বছর পূর্ণ হচ্ছে আজ। শুরু থেকেই জনবল, যান ও আবাসনসংকটের ভেতর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এর কার্যক্রম। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সংস্থাটি এখন কিছুই করতে পারছে না। হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১১ জুন হাইওয়ে পুলিশের যাত্রা শুরু হয়েছিল। দেশের ৪২ জেলাকে দুই অঞ্চলে বিভক্ত করে এর কার্যক্রম শুরু করা হয়। যমুনা সেতুর পূর্বাঞ্চলে ২১টি জেলা নিয়ে পূর্বাঞ্চল এবং যমুনা সেতুর পশ্চিমাঞ্চলে ২১টি জেলা নিয়ে পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশ প্রতিষ্ঠা হয়। এর মধ্যে পূর্বাঞ্চলের সদর দপ্তর কুমিল্লায় এবং পশ্চিমাঞ্চলের সদর দপ্তর বগুড়ায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত পাঁচ বছরে হাইওয়ে পুলিশের অবকাঠামোগত উন্নয়নসহ কোনো ধরনের সুযোগ-সুবিধা দিতে পারেনি সরকার। পূর্বাঞ্চলের এক হাজার ১৮২টি পদের মধ্যে কর্মরত আছেন এক হাজার ২১ জন। বাকি ১৬১টি পদই খালি। অন্যান্য প্রশাসনিক পদেও জনবলসংকট রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জনবলসংকটের কারণে হাইওয়ে পুলিশ অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। অন্যদিকে হাইওয়ে পুলিশের নিজস্ব কোনো ভবন নেই। নেই কর্মরত পুলিশ সদস্যদের থাকার ব্যবস্থা। পূর্বাঞ্চলের কার্যালয়টি কুমিল্লা শহরের হাউজিং এস্টেট এলাকায়। এই ভবনটি মাসিক ৫০ হাজার টাকায় ভাড়া নেওয়া হয়েছে। মহাসড়কে ডাকাতি রোধ এবং যানবাহন তদারকির জন্য হাইওয়ে পুলিশের বাহনসংখ্যা একেবারেই কম। পূর্বাঞ্চলের ৪৪টি ফাঁড়ি ও ১৪টি থানার জন্য ২০টি জিপ ও ১৮টি পেট্রোল কার আছে। এর মধ্যে ছয় মাস ধরে দুটি পেট্রোল কার অচল হয়ে পড়ে আছে। পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার মহাসড়কের ৯৯ কিলোমিটার অংশে কেবল দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, মিরপুর ও মিয়াবাজারে চারটি পুলিশ ফাঁড়ি রয়েছে। তা ছাড়া ময়নামতিতে একটি হাইওয়ে থানা আছে। ফাঁড়িগুলোতে পুলিশের সংখ্যা ২১ জন করে। অথচ থানাগুলোতে রয়েছে ২৫ জন করে পুলিশ। এদিকে কোনো গাড়ি মহাসড়কে দুর্ঘটনাকবলিত হলে হাইওয়ে পুলিশ কিছুই করতে পারে না। এ প্রসঙ্গে পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ সুপার (কুমিল্লা দপ্তর) আনোয়ার কামাল প্রথম আলোকে বলেন, ‘হাইওয়ে পুলিশের পাঁচ বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত সবকিছুই অসম্পূর্ণ থেকে গেছে। সড়ক দুর্ঘটনা ও যানজট প্রসঙ্গে তিনি বলেন, রেকার না থাকার কারণে যানজট নিরসন করা যাচ্ছে না। পুলিশের চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হয়েছে। সরকার চাইলেই হাইওয়ে পুলিশকে ঢেলে সাজাতে পারে।’সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করে আনোয়ার কামাল বলেন, দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত ৯৯ কিলোমিটার রাস্তায় মাসে গড়ে ২৫টি দুর্ঘটনা ঘটে থাকে। অথচ ঢাকা থেকে দাউদকান্দি সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত দুর্ঘটনার হার অনেক কম। যানবাহন থাকলে সড়ক ডাকাতি রোধ করতে তাঁরা ভূমিকা রাখতে পারতেন বলে তিনি জানান।