ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ১৫টি স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু জেলার কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে শেরপুর এলাকায় সড়ক দুর্ঘটনার সঠিক তথ্য নেই।
প্রতিটি দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশের তৎপরতা দেখা যায়। কিন্তু এ ব্যাপারে থানায় মামলার সংখ্যা খুবই কম।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দূরুল হুদা বিশ্বাসের দাবি, সম্প্রতি তিনি এই ফাঁড়িতে যোগ দিয়েছেন। যোগদানের পর তিনি এ-সংক্রান্ত কোনো তালিকা (নথি) ফাঁড়িতে পাননি।
শেরপুর থানা-পুলিশের দেওয়া তথ্যমতে, চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত মহাসড়কে দুর্ঘটনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে চারটি।
জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত উপজেলার মহাসড়ক এলাকায় ১১টি দুর্ঘটনায় ১০ জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত আগস্ট ও সেপ্টেম্বরে সাতটি দুর্ঘটনায় দৈনিক ইত্তেফাক পত্রিকার পাবনা জেলার ফরিদপুর উপজেলা সংবাদদাতা আবু বক্কর সিদ্দিকসহ সাতজন প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তিদের আটজনই পথচারী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমরেশ কুমার সাহা বলেন, চলতি বছরের ২৯ ও ৩০ জুন ১৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২৪ ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। স্থানীয় রিকশাচালক জাহিদুল ইসলাম বলেন, গত ছয় মাসে রাতে শেরপুর পৌর শহরের মহাসড়ক এলাকায় পেছন থেকে যাত্রীবাহী বাস ও ট্রাকের ধাক্কায় ১০ জন রিকশাচালক আহত হয়েছেন।
উপজেলার মহাসড়ক এলাকায় দেখা গেছে, গভীর রাত থেকে বেলা ১১টা এবং বিকেলের পর থেকে গাড়ি চলাচল করে বেশি। এ সময় বেশির ভাগ গাড়ির চালকেরা ট্রাফিক আইন মেনে চলেন না। স্থানীয় ট্রাফিক পুলিশের তথ্যমতে, শেরপুর মহাসড়কে প্রতি ঘণ্টায় কমপক্ষে এক হাজার ৫০০ ছোট-বড় গাড়ি চলাচল করে।
উপজেলার দশমাইল, গাড়িদহ, মহিপুর, থানা রোড, কলেজ রোড, উপজেলা পরিষদের সামনে, স্থানীয় বাসস্ট্যান্ড, ধুনট রোড বাসস্ট্যান্ড, মির্জাপুর, রাজাপুর, ছোনকা, ঘোগাবটতলা, ঘোগা বাজার, ধনকুন্ডি ও সীমাবাড়ী এলাকা দুর্ঘটনাপ্রবণ।
শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান বলেন, গত বছরের চেয়ে এ বছর শেরপুরে গাড়ি দুর্ঘটনা বেশি ঘটেছে। দুর্ঘটনা রোধে তাঁরা সংগঠনের উদ্যোগে চালকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে আসছেন।
উপজেলার গাড়িদহের আলতাব হোসেন বলেন, উপজেলার মহাসড়ক এলাকার দুর্ঘটনায় মানুষের প্রাণহানির ঘটনায় চলতি বছর এ পর্যন্ত কমপক্ষে ১০ বার ব্যস্ততম মহাসড়ক অবরোধ করা হয়েছে। অনেক গাড়ি ভাঙচুরও হয়েছে। ছোনকার হাফিজুর রহমান বলেন, সড়কে আইন অমান্যকারী গাড়িচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না থাকায় শেরপুরে দুর্ঘটনা বেড়েছে।
বগুড়া থেকে ঢাকার মহাখালীগামী একটি যাত্রীবাহী বাসের তত্ত্বাবধায়ক শ্যামল সরকার বলেন, পথচারীর পাশাপাশি গাড়িচালকের অসর্তকতার কারণে দুর্ঘটনা বেড়েছে। তাঁর মতে, আইনের সঠিক প্রয়োগ থাকলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বেশির ভাগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা থানায় মামলা দায়ের করা থেকে বিরত থাকেন। দুর্ঘটনার গাড়ি আটকের পর তাঁদের ছেড়ে দিতে হয়।