ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির কালো কাচের বিরুদ্ধে অভিযানের সময় গতকাল সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. মনিরুল ইসলাম আহত হন৷ তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।
মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে ওই বাজারে অভিযানের সময় কালো কাচ লাগানো একটি ব্যক্তিগত গাড়িকে থামার সংকেত দেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট মনিরুল ইসলাম। এ সময় চালকের আসনে বসে থাকা রবিউলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। রবিউল ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ইছহাকের ছেলে। একপর্যায়ে রবিউল মুঠোফোনে খবর দিলে ২০-২৫ লোক এসে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় লাঠি দিয়ে সার্জেন্ট মনিরের মাথায় আঘাত করা হয়৷ এতে তাঁর মাথা ফেটে যায়৷ স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷
ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ইছহাক বলেন, কালো কাচ ব্যবহারের কারণে দুই দিন আগে চট্টগ্রাম নগরে ওই গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়৷ তখন পুলিশ গাড়ির কাগজপত্র নিয়ে যায়৷ গতকাল গাড়ির কাগজপত্র দেখাতে না পারায় হাইওয়ে পুলিশের তিন সদস্য তাঁর ছেলের ওপর চড়াও হন৷ এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা পুলিশের ওপর হামলা চালায়৷