হাইওয়ে রেস্তোরাঁ 'ফুড ভিলেজে' আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুণ্ডি এলাকায় অভিজাত হাইওয়ে রেস্তোরাঁ ‘ফুড ভিলেজে’ আজ সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ফুড ভিলেজের কার্টন সংরক্ষণ ও ইলেকট্রনিকস সামগ্রী রাখার তিনটি গুদামঘর।
আজ সন্ধ্যা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফুড ভিলেজের দ্বিতীয় তলার ওই গুদামঘরে আগুন লাগে। এ সময় সেখানে যাত্রাবিরতি করা ঢাকা-উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ-ঢাকাগামী কমপক্ষে ৩০টি বাসের যাত্রী ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ভয়ে অনেক গাড়ির চালক ফুড ভিলেজের সামনের প্রাঙ্গণ থেকে দ্রুত বাস সরিয়ে নিতে থাকেন। খবর পেয়ে বগুড়ার শেরপুর ও সিরাজগঞ্জের রায়গঞ্জের ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ রানা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফুড ভিলেজের সহকারী উপমহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, আগুনে তাঁদের তিনটি গুদামঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে গেছে।