হাইকমিশনারের কাছে বিচার চেয়ে বাবার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেলানী হত্যা
ফেলানী হত্যা

ফেলানী হত্যার ন্যায়বিচার ও ক্ষতিপূরণ চেয়ে গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বরাবরে সরকারি ডাকযোগে চিঠি পাঠিয়েছেন তার বাবা মো. নুরুল ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) নির্বাহী পরিচালক কিরীটী রায় এবং বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের বরাবরও চিঠির অনুলিপি পাঠানো হয়।আসকের কর্মকর্তা টিপু সুলতান ও আবু আহামেঞ্চদ ফয়জুল কবির জানান, গত মঙ্গলবার ফেলানীর বাড়িতে গেলে তার বাবা নুরুল ইসলাম তাঁদের কাছে চিঠিটি হস্তান্তর করেন।ফেলানীর বাবার চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে গতকাল আসকের পরিচালক নুর খান জানান, ‘চিঠি পাওয়ার আগেই আমরা ফেলানীর পরিবারকে আইনি সহায়তা দেওয়ার জন্য মাসুমের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান।’হাইকমিশনারের কাছে পাঠানো চিঠিতে ফেলানীর বাবা বলেন, ‘২০১১ সালের ৭ জানুয়ারি আমার কিশোরী মেয়ে ফেলানী খাতুন বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যের গুলিতে নিহত হয়। আমার সামনেই বিএসএফ সদস্যরা খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। ঘটনার দুই বছর আট মাস অতিবাহিত হওয়ার পর ভারতের কোচবিহারে বিশেষ আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্যের বিচার শুরু হয়। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।’চিঠিতে নুরুল ইসলাম বলেন, ‘আমি মানবাধিকার ও ন্যায়বিচারে বিশ্বাস করি। আশা করি, আমার মেয়ের হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে ভারত সরকার তথা ভারতীয় জনগণের সহায়তা কামনা করছি।’ নুরুল ইসলাম আরও বলেন, ‘আমি মনে করি, আমার মেয়ের হত্যাকাণ্ডে বিএসএফ সরাসরি জড়িত। সে কারণে এর দায় ভারত সরকার তথা ভারতীয় জনগণের। উভয়ের কাছে আমার দাবি, নিরীহ ফেলানী হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করুন এবং অকালমৃত্যুর শিকার আমার মেয়ের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করুন।’