হাইকোর্ট থেকে জামিন, শপথ নিতে এসে গ্রেপ্তার!
শপথ নিতে এসে গ্রেপ্তার হয়েছেন বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। যুবলীগের স্থানীয় এক নেতা হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে গতকাল বৃহস্পতিবার তিনি বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নিতে আসেন। এ সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কার্যালয় চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) সায়ফুজ্জামান ফারুকী দাবি করেন, একটি মামলায় জামিন পেলেও তোফাজ্জল হোসেনকে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে গ্রেপ্তারের পর তোফাজ্জল হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি শ্রমিক সংগঠনের সংঘর্ষে দুজনের প্রাণহানি ঘটে। ওই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিপক্ষরা আমাকে জড়িয়ে একটি হত্যা মামলা করে। তাই ১৫ জানুয়ারি মেয়র ও কাউন্সিলরদের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। গত মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই হত্যা মামলায় আমার চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। জামিনের পর শপথ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এলে তা বাধাগ্রস্ত করতে প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ হয়রানিমূলকভাবে আমাকে আটক করে।’
নির্বাচন-পরবর্তী সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম আলোতে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গতকাল বলেন, সান্তাহারের মেয়র একটি মামলায় জামিন পেলেও অন্য একটি হত্যা এবং একটি চাঁদাবাজির মামলায় সন্দেহভাজন আসামি। সে হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও একই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মুহিত তালুকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পৌর মেয়র তোফাজ্জল হোসেন মঙ্গলবার হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলাও ছিল না। তিনি দুই দফা পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁকে সবাই চেনে। কাজেই কোনো মামলায় অজ্ঞাতনামা আসামি হওয়ারও কথা নয় তাঁর। এখন কোনো মামলায় অজ্ঞাতনামা আসামি করার সুযোগ নিয়ে মেয়রের মতো একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে একাধিক মামলায় ফাঁসানো হচ্ছে।’
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন বিএনপির তোফাজ্জল হোসেন। নির্বাচনী জের, স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সংগঠন দুটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ জানুয়ারি সান্তাহার শহরে বিবদমান দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে নিহত হন সান্তাহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৩৮)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশাচালক সোহরাব হোসেন। সংঘর্ষের এক দিন পর যুবলীগের নেতা শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বড় ভাই নুর ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মেয়র তোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করা হয়। একই মামলায় আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এন এইচ মিলন ও সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, পৌর জাতীয় পার্টির সভাপতি আবদুল লতিফ, পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফাসহ ২৩ জনের নাম উল্লেখ করে মোট ৮৩ জনকে আসামি করা হয়। এদিকে সোহাগ হত্যা মামলায় তাঁর বাবা আবদুল খালেক বাদী হয়ে পৃথক আরেকটি হত্যা মামলা করেন। তবে ওই মামলায় পৌর মেয়রকে আসামি করা হয়নি।