ভূমি মন্ত্রণালয়ের প্রটোকল কর্মকর্তা কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতি মামলার মূল নথি গায়েব হয়ে গেছে। তিন বছর ধরে ফাইলটি না পাওয়ার কারণে কুতুব উদ্দিনের পক্ষে আসা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারছে না দুদক।
একই অবস্থা বিএনপির নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার একটি মামলার নথির ক্ষেত্রেও। সম্প্রতি দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন এ-সংক্রান্ত দুটি চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।
দুদক সূত্র জানায়, ২০০৭ সালে ভূমি মন্ত্রণালয়ের কর্মচারী কুতুব উদ্দিনের আর্থিক অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও বদলি বাণিজ্য এবং তদবির বাণিজ্যের মাধ্যমে তিনি বিত্তবৈভব গড়ে তুলেছেন বলে ওই সব প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কুতুব উদ্দিনের সম্পদ অনুসন্ধান করে দুদক। অনুসন্ধান শেষে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রাজধানীর রমনা থানায় মামলা করেন সংস্থার তৎকালীন সহকারী পরিচালক মাহফুজা খাতুন। ওই মামলায় গ্রেপ্তার হন কুতুব উদ্দিন। মামলার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ১৬ মাস কারাগারে থাকার পর ২০০৯ সালে তিনি জামিনে মুক্তি পান। পরে চাকরিতেও বহাল হন।
দুদকের দায়ের করা মামলায় কুতুব উদ্দিনকে দোষী সাব্যস্ত করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক তানজীনা ইসমাইল। ২০০৮ সালের ২৭ আগস্ট দেওয়া রায়ে কুতুব উদ্দিনকে ১৩ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তাঁর ৯১ লাখ ৮৩ হাজার ৬৮৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন কুতুব উদ্দিন। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকের তৎকালীন ডিভিশন বেঞ্চ আপিলের শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট ২০১০ সালের ১৩ অক্টোবর বিচারিক আদালতের দণ্ডাদেশ অবৈধ ঘোষণা করেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক আপিলের সিদ্ধান্ত নেয়। এ জন্য ২০১৩ সালে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি তুলতে গিয়ে হোঁচট খায় সংস্থাটি। হাইকোর্টের সংশ্লিষ্ট দপ্তরে রেকর্ডই খুঁজে পাওয়া যাচ্ছে না। রেকর্ড রুম তন্ন তন্ন করেও মিলছে না নথি। এতে আটকে আছে দুদকের আপিল।
এদিকে বিএনপির নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া দুদকের একটি মামলার নথিও পাওয়া যাচ্ছে না। ১৯৯৭ সালের ১৭ মে একটি মামলায় তাঁর কারাদণ্ড হয়। এ আদেশ চ্যালেঞ্জ করলে করলে হাইকোর্ট বিভাগ বিচারিক আদালতের রায় বাতিল করে দেন। দুদক এ আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিলেও সেই মামলার নথি খুঁজে পাচ্ছে না।
এ দুটি বিষয়ে ব্যবস্থা নিতে গত ১৯ জুলাই হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে চিঠি দেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও হদিস মেলেনি নথির। খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘নথি না পাওয়ার কারণে আমরা আপিল করতে পারছি না। এখন চিঠি দিয়েছি। হাইকোর্ট বিভাগ নিশ্চয়ই এ বিষয়ে ব্যবস্থা নেবে।’
এ বিষয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুদকের আইনজীবীর চিঠি আমরা পেয়েছি। এ বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছে। ইতিমধ্যে একটি শুনানিও করা হয়েছে।’