সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এতে তিনি ওই মামলা স্থগিত ও বাতিল চেয়েছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় গতকাল মঙ্গলবার এ আবেদনটি শুনানির জন্য ছিল। তবে আবেদনকারী পক্ষ সময় চাওয়ায় আগামী সপ্তাহে আবেদনটির শুনানি হবে। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। ইকবাল মান্দ বানুর পক্ষে ছিলেন এম মাহবুব উদ্দিন খোকন।
২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করে দুদক। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে দুদককে হিসাব না দেওয়ায় এ মামলা করা হয়। মামলার তদন্ত শেষে ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।