হাইকোর্টে পরপর দুই দিন নথি জালিয়াতির ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই দিন উচ্চ আদালতের নথিতে জালিয়াতি ও তথ্য গোপনের ঘটনা ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার ভুয়া নথি ও মিথ্যা তথ্য দিয়ে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার চেষ্টা চালানো হয়। আজ বুধবার জালিয়াতি করে জামিন নেওয়ার অভিযোগে এক আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ জালিয়াতি ও তথ্য গোপন করে জামিন নেওয়ার ঘটনাটি ধরা পড়ে। এ ঘটনায় জয়পুরহাট থানার একটি হত্যা মামলার আসামি আবদুর রউফ ওরফে আজাদ হোসেনকে দেওয়া জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে আদালত জামিন জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ৪ আগস্ট মো. আরাফাত হোসেন নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় আবদুর রউফ ওরফে আজাদ হোসেনসহ ১০ জনকে আসামি করে জয়পুরহাট থানায় হত্যা মামলা করেন নিহত ব্যক্তির মা। এজাহারে বলা হয়, আসামি আজাদ হোসেন সামুরাই (জাপানি তলোয়ার) দিয়ে আরাফাতকে কোপ দিলে তাঁর গলা কেটে যায়। পরে অন্য আসামিরা আরাফাতকে কুপিয়ে হত্যা করেন। গত বছরের ২৭ এপ্রিল পুলিশ এই মামলায় রউফকে গ্রেপ্তার করে। পরে ৩১ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি আবদুর রউফ হাইকোর্টে জামিনের আবেদন করেন। জামিনের আবেদনে মামলার এজাহার পরিবর্তন করে বলা হয়, আসামি রউফ ছুরি দিয়ে খুন করার জন্য আরাফাতের বাম ঊরুতে আঘাত করেন। জামিনের আবেদনের সঙ্গে মামলার অভিযোগপত্রের কপি দেওয়া হয়নি।
ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আজাদকে ছয় মাসের জামিন দেন। সম্প্রতি মনিরুজ্জামান কবীর জালিয়াতির বিষয়টি জানতে পারলে তা আদালতের নজরে আনেন। এরপর ২৯ ফেব্রুয়ারির জামিন আদেশ প্রত্যাহার করেন আদালত।
মনিরুজ্জামান কবীর বলেন, তিন দিন ধরে বিষয়টি আদালতের কার্যতালিকায় থাকলেও আসামির আইনজীবী প্রদীপ কুমার সরকার হাজির হননি। আজ তিনি আদালতে হাজির হন। আদালত আসামির জামিন বাতিল করে আসামির আইনজীবী, আসামি, জামিন আবেদনের হলফনামাকারী এবং বিচারিক আদালত থেকে সত্যায়িত অনুলিপি ইস্যুকারীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।

আইনজীবী প্রদীপ কুমার সরকার অবশ্য দাবি করেছেন, মামলার নকল যাঁরা সংগ্রহ করেছেন, তাঁরা বিষয়টি জানেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি শুধু আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছি।’

গতকাল মঙ্গলবার হাইকোর্টের আরেকটি বেঞ্চে ভুয়া নথি ও মিথ্যা তথ্য দিয়ে জামিন পাওয়ার চেষ্টা চালানোর অভিযোগে মামলার তদবিরকারক শুকুর আলীকে পুলিশে দেওয়া হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে মামলা করার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন।
ওই মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১০ জুলাই রাজধানীর আদাবর থানায় হামিদুর রহমানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে ২৫ লাখ ৭ হাজার ৫০০ টাকার জাল নোটসহ জাল নোট তৈরির যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই থানায় মামলা করা হয়। মামলায় আসামি হামিদুর রহমান নিম্ন আদালতে জামিনের আবেদন করলে তা নাকচ হয়ে যায়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, পরে আসামি হামিদুর হাইকোর্টে গিয়ে জামিনের আবেদন করেন। জামিন আবেদনের নথিতে মামলার এজাহারের সত্যায়িত অনুলিপি পরিবর্তন করে বলা হয়, আসামির কাছ থেকে মাত্র চার হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বিষয়টি সন্দেহজনক হলে এ ব্যাপারে খোঁজখবর করে তিনি হাইকোর্টকে জানান। হাইকোর্ট থেকে নিম্ন আদালত থেকে মামলার মূল নথি তলব করেন।

গতকাল হাইকোর্ট মামলার মূল নথি পরীক্ষা করে ভুয়া নথি ও মিথ্যা তথ্য দেওয়ার সত্যতা পান। আসামির আইনজীবী মো. সেলিম আদালতকে বলেন, বিষয়টি তিনি জানেন না। শুকুর আলী নামে একজন তদবিরকারক মামলাটি তাঁর কাছে নিয়ে আসেন। তখন শুকুর আলী আদালতকক্ষ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য আইনজীবীরা তাঁকে আটকায়। এরপর হাইকোর্ট ওই তদবিরকারককে পুলিশে দেওয়ার আদেশ দেন।